• মেলানিনের ঘাটতি নাকি প্রকৃতির জাদু? পূর্বস্থলীতে দেখা মিলল বিরলতম সাদা রেড-ভেন্টেড বুলবুলির
    News18 বাংলা | ২৬ জুন ২০২৬
  • : পূর্ব বর্ধমানের পূর্বস্থলী মানেই পরিযায়ী পাখির স্বর্গরাজ্য। শীতের মরশুমে চুপি-সহ বিস্তীর্ণ জলাভূমিতে ভিড় জমায় দেশ-বিদেশের অসংখ্য পরিযায়ী পাখি। কিন্তু এবার সেই পূর্বস্থলীই সাক্ষী থাকল এক সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত বিরল ঘটনার। প্রথমবারের মতো সেখানে দেখা মিলেছে সম্পূর্ণ সাদা রঙের একটি রেড-ভেন্টেড বুলবুলি বা লাল পুচ্ছের বুলবুলি পাখির। আর সেই বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন বর্ধমান শহরের পরিবেশপ্রেমী অর্ণব দাস।

    সাধারণত রেড-ভেন্টেড বুলবুলির শরীরের উপরের অংশ কালচে, মাথায় কালো ঝুঁটি, লেজের পালক বাদামি-কালো এবং লেজের গোড়ার অংশে উজ্জ্বল লাল রঙের ছাপ থাকে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে এই পাখির বিস্তার রয়েছে। কিন্তু পূর্বস্থলীতে দেখা পাওয়া এই বুলবুলিটি সম্পূর্ণ সাদা। বিশেষজ্ঞদের মতে, শরীরে মেলানিন রঞ্জকের ঘাটতির কারণেই এমন অস্বাভাবিক রঙের সৃষ্টি হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে মনে করা হচ্ছে, এটি একটি অল্পবয়সি বা জুভেনাইল পাখি।অর্ণব দাস জানান, পাখিটি পূর্বস্থলীর কালীনগর এলাকায় একটি পুকুরপাড়ে দেখা যায়। বুলবুলি স্বভাবতই খুব চঞ্চল, এক ডাল থেকে আরেক ডালে দ্রুত উড়ে বেড়ায়, ফলে তার ছবি তোলা বেশ কঠিন ছিল। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তিনি সেই বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করতে সক্ষম হন।

    পরিবেশপ্রেমীদের দাবি, সম্পূর্ণ সাদা রেড-ভেন্টেড বুলবুলির দেখা পাওয়া অত্যন্ত বিরল ঘটনা। এর আগে গুজরাটে একটি লিউসিস্টিক বুলবুলির ছবি সামনে এলেও, সেটির শরীরে সাদা-কালো পালক ছিল। কিন্তু পূর্বস্থলীতে দেখা এই পাখিটির শরীর প্রায় সম্পূর্ণ সাদা, যা একে আরও ব্যতিক্রমী করে তুলেছে। বিভিন্ন পাখি বিশেষজ্ঞ ও চিত্রগ্রাহকদের সঙ্গে কথা বলেও এমন ঘটনার নজির খুব একটা মেলেনি।

    সাদা হরিণ বা সাদা অজগরের মতোই প্রকৃতির এই বিরল সৃষ্টি এখন পাখিপ্রেমীদের কাছে বিস্ময়ের বিষয় হয়ে উঠেছে। পূর্বস্থলীর মাটিতে এই সাদা বুলবুলির দেখা মিলতেই প্রকৃতিপ্রেমী মহলে শুরু হয়েছে ব্যাপক কৌতূহল ও উচ্ছ্বাস। এই বিরল পাখির উপস্থিতি নিঃসন্দেহে পূর্বস্থলীর জীববৈচিত্র্যের ভাণ্ডারে যোগ করল এক নতুন অধ্যায়।
  • Link to this news (News18 বাংলা)