এই সময়, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের ভেতরে একাধিক গোডাউন রয়েছে। নিয়ম ভেঙে দিনের বেলা ট্রাক, ট্রেলারের মতো বড় যানবাহন ঢোকে সেখানে। ফলে শহরের রাস্তা, এমনকী অলিগলিতে যানজট তৈরি হয়। এ বার সেই সমস্ত গোডাউনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার সেবক রোড সংলগ্ন চক্ষু হাসপাতালের সামনে থাকা একটি গোডাউন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ দিন বেলা বারোটা নাগাদ সেবক রোড সংলগ্ন ওই গোডাউনে ২২ চাকার ট্রেলার ঢোকার চেষ্টা করে। ফলে যানজট শুরু হয়। হাসপাতালে আসা রোগীরাও সমস্যায় পড়েন। অভিযোগ, প্রতিবাদ করলে রাস্তায় আটকে পড়া এক গাড়ি চালকের দিকে তেড়ে আসেন গোডাউনের কর্মচারী। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি অভিযোগ পেয়ে ট্র্যাফিক পুলিশকর্মীদের তদন্তে পাঠান।
শহরের ৪১, ৪২, ৪৩, ৩৫, ৩৬, ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে বহু গোডাউন রয়েছে। অভিযোগ, যখন তখন সেখানে বড় ট্র্যাক আসা-যাওয়া করে। যদিও ট্র্যাফিক আইন অনুযায়ী, শহরের ভেতরে রাত দশটা থেকে সকাল ছ'টার মধ্যে এই ধরনের যানবাহন চলাচলের কথা।
শিলিগুড়ি পুরসভার প্রাক্তন বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, 'এগুলো নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এতদিন। এটা ঠিক যে শিলিগুড়ি বাণিজ্যিক শহর। কিন্তু কিছু তো নিয়ম-নীতি মানতে হবে। ট্রেলার, বালি পাথরের ডাম্পার রাতে চলাচল করুক। সমস্যার কথা শিলিগুড়ি পুরবোর্ডের প্রশাসককে জানাব।'
শিলিগুড়ি পুরসভার এক বাস্তুকার বলেন, 'পাড়ার রাস্তা ১২-১৬ টন ওজন ধারণ করতে পারে। ডাম্পার বা ট্রেলার সাধারণত ৪০-৬০ টনের বেশি ওজন নিয়ে রাস্তায় ছোটে। এতে রাস্তার ক্ষতি হয়।' শিলিগুড়ির ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ বলেন, 'নাগরিকরা সমস্যার কথা জানালে ব্যবস্থা নেওয়া হবে।'