• শহরজুড়ে ‘ভিআইপি’ সফরে হাতকাটা হনুমান!
    আজকাল | ২৬ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শহরের ব্যস্ত রাস্তায় হঠাৎই দেখা মিলল এক অদ্ভুত ‘যাত্রীর’। টোটোর ছাদে দিব্যি বসে শহর ঘুরছে একটি হাতকাটা হনুমান। কিছুক্ষণ পর আবার তাকে দেখা গেল একটি প্রাইভেট গাড়ির ছাদে। এই অভিনব দৃশ্য ঘিরে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় কৌতূহল ও উৎসাহের পরিবেশ তৈরি হয়। 

    জানা গিয়েছে, মেদিনীপুর শহরের কেরানীচটি এলাকায় একটি টোটো দাঁড়িয়ে ছিল। সেই সময় আচমকাই একটি হনুমান এসে টোটোর ছাদে উঠে বসে পড়ে। উপস্থিত মানুষজন নানা ভাবে তাকে নামানোর চেষ্টা করলেও কোনও ফল মেলেনি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওই হনুমানকে নিয়েই গান্ধী মোড় টোটো স্ট্যান্ডের উদ্দেশে রওনা দেন চালক। টোটো চলতে শুরু করতেই ছাদের ওপর নিশ্চিন্তে বসে চারপাশের দৃশ্য উপভোগ করতে দেখা যায় হনুমানটিকে। চলন্ত গাড়ির হাওয়া উপভোগ করার পাশাপাশি পথচারীদের দেওয়া বিস্কুট ও অন্যান্য খাবারও নিশ্চিন্তে খেয়ে নেয় সে। পথচলতি মানুষ এই বিরল দৃশ্য দেখে মোবাইল ফোনে ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই ঘটনাটি এলাকায় আলোচনার বিষয় হয়ে ওঠে। 

    টোটো সফরের পরও তার ‘শহর পরিক্রমা’ থামেনি। কিছুক্ষণ পর ওই হনুমানকে একটি প্রাইভেট গাড়ির ছাদের উপরও বসে থাকতে দেখা যায়। এক যানবাহন থেকে অন্য যানবাহনে চেপে শহর ঘুরে বেড়ানোয় অনেকেই মজা করে তাকে ‘ভিআইপি যাত্রী’ বলেও মন্তব্য করেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, হনুমানটির একটি হাত কাটা থাকায় গাছে ওঠানামায় তার অসুবিধা হয়। সেই কারণেই হয়তো সে যানবাহনের ছাদকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। যদিও এই বিষয়ে বন দফতরের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

    অন্যদিকে, হনুমানটিকে নিয়ে শহর ঘুরতে বাধ্য হওয়ায় কিছুটা উদ্বেগে পড়েছেন টোটোচালক। প্রাণীটি কখন নিজে থেকে নেমে যাবে, তা নিয়ে তিনি চিন্তিত। তবে শহরবাসীর কাছে ঘটনাটি হয়ে উঠেছে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা। ব্যস্ত জীবনের ফাঁকে এক হাত-কাটা হনুমানের এমন নির্ভার শহরভ্রমণ যেন মুহূর্তের জন্য সকলের মুখে হাসি ফুটিয়ে দিয়েছে।
  • Link to this news (আজকাল)