• উদ্ধার করেও শেষরক্ষা হল না, মৃত্যু বিহারের মন্নুর
    আজকাল | ২৬ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মন্নু কুমার। বিহারের বাসিন্দা। সেখান থেকে  কাজ করতে এসেছিলেন বাংলায়। পেটের দায়ে, কাজ করছিলেন তারাতলায়। সেই তারাতলা ট্র্যাজেডিই প্রাণ কাড়ল যুবকের। বুধবার যখন তাসের ঘরের মতো ধসে পড়ে তারাতলার নির্মীয়মাণ ভবন, মন্নু কাজ করছিলেন সেখানেই। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছিলেন বহুক্ষণ। বিপর্যয়ের পর, তাঁর মোল্বাইল ট্র্যাক করেই উদ্ধার করা হয়েছিল বলে তথ্য। তবে তাতেও শেষ রক্ষা হল না। হাসপাতালে মৃত্যু হয়েছে মন্নু কুমারের।

    তারাতলা কাণ্ডে এখনও পর্যন্ত মৃত্যু প্রায় ১৫ জনের, তথ্য তেমনটাই। সূত্রের খবর, এর মধ্যে ২ জনের নাম পরিচয় জানা যায়নি এখনও। অন্যদিকে মৃত্যু হয়েছে, শ্যামনগরের স্বপন মণ্ডলের। বুধবার সন্ধে পর্যন্ত খোঁজ মেলেনি স্বপনের। শ্যামনগরে স্বপন, একটু বেশি উপার্জনের আশায় এক ঠিকাদারের মাধ্যমে গত বুধবার প্রথমবার তারাতলার ওই গুদামে কাজে এসেছিলেন তিনি। অন্য দিন কাজ শেষে সন্ধ্যা ৭টার মধ্যেই বাড়ি ফিরে যেতেন স্বপনবাবু। কিন্তু সেদিন নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্ত্রী ও মেয়ে। খবর পৌঁছয় তারাতলা দুর্ঘটনার। হন্যে হয়ে তাঁর খোঁজ করছিলেন মেয়ে-জামাই। মৃত্যুর খবর মিলল তাঁর। 

    বুধবার দুপুরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে তারাতলায়। স্থানীয়দের সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকেই গোডাউনটির মূল লোহার কাঠামোটি অস্বাভাবিকভাবে নড়ছিল। সেই গলদ খতিয়ে দেখতে এবং কাঠামোটির অবস্থা পরীক্ষা করতেই ছাদের ওপরে ও নিচে জড়ো হয়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক।

    আর ঠিক তখনই ঘটে যায় এই মারাত্মক দুর্ঘটনা। লোহার ভারী কাঠামোর নিচে মুহূর্তের মধ্যে চাপা পড়ে যান কর্মরত শ্রমিকরা। 

    যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাতে নামানো হয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, এনডিআরএফ (NDRF), সেনাবাহিনী এবং কলকাতা পুলিশকে। কংক্রিটের ও লোহার ভারী অংশ সরানোর জন্য ব্যবহার করা হচ্ছে হাইড্রোলিক এক্সকাভেটর এবং ব্রেকার মেশিন। মৃত ও আহতদের পরিবারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্যও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় তিনি স্পষ্ট ভাষায় বলেন, “অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, এটা স্বীকার করেও দায়িত্বশীল সরকার তার দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।” মৃতদের পরিবার পিছু দশ লক্ষ ক্ষতিপূরণের  ঘোষণা করেছে রাজ্য সরকার। উল্লেখ্য, এখনও চলছে উদ্ধারকার্য। 

     
  • Link to this news (আজকাল)