• কুণালের আবেদনে দ্রুত ব্যবস্থা শুভেন্দুর!
    আজকাল | ২৬ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবারের বিধানসভার একটি ছবিতে হইচই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বেশ কিছুক্ষণ করা বলতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষকে। জল্পনা ছড়ায়, কী নিয়ে আলোচনা? 

    সেসব জল্পনা চলে দিনভর। তবে শুক্রবার যেন জল্পনার অবসান। কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, গতকালের কথোপকথনের প্রসঙ্গে। কী লিখলেন বেলেঘাটার বিধায়ক? লিখেছেন, 'গতকাল লিখিনি। আজ লিখছি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও দিচ্ছি। গতকাল বিধানসভায় তারাতলা দুর্ঘটনা নিয়ে বিবৃতি দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা ও চারপাশের সব নির্মাণ আপাতত স্থগিত করা হচ্ছে। প্ল্যান অডিট হবে। বিবৃতি শেষ করে বেরিয়ে যান তিনি। তখন লবিতে তাঁর সঙ্গে দেখা করে আমি বলি,"কাজ বন্ধের নির্দেশে পূর্ণ সমর্থন। কিন্তু নির্মাণ শ্রমিকদের কথা ভাবতে হবে। বহু গরিব শ্রমিক কাজ করেন, অনেকে দূর থেকে এসে সপরিবারে সাইটে থেকে কাজ করেন। এঁদের দৈনিক আয়ের উপর খাওয়াদাওয়া নির্ভর করে। কাজ বন্ধ হলে এঁরা বিপদে পড়বেন। প্ল্যানের সঙ্গে এঁদের সম্পর্ক নেই।" মুখ্যমন্ত্রী সহমত পোষণ করেন। এবং বলেন," ওঁদের বিনামূল্যে খাবারের ব্যবস্থা করছি।" এই বিষয়টা কাল আমি সাংবাদিকদের বলিনি, কারণ, মুখ্যমন্ত্রী ব্যবস্থা করে নিশ্চয়ই যথাসময়ে জানাতেন। আজ শুনলাম মুখ্যমন্ত্রী বিষয়টি নিজে বলেছেন। বিল্ডারদের এবিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। নির্মাণশ্রমিকদের যাতে এই সংক্রান্ত সমস্যা না হয়। এজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।'

    উল্লেখ্য,  বুধবার তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ে। ভয়াবহ সেই বিপর্যেয় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ১৫ জনের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একাধিক শ্রমিক। ঘটনায় ওই গুদামের অনুমোদিত নকশায় ত্রুটি ধরা পড়েছে। আতস কাচে কলকাতা পুরসভার ভূমিকা। নিশানায় বিগত তৃণমূল পুরবোর্ড। এরপরই কলকাতা পুরসভা এলাকায় আগামী ৩১ জুলাই পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন, বিধাননগর ও হাওড়াতেও একই নিয়ম কার্যক হতে পারে। সেই ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী বিধানসভায় জানান, কলকাতার পাশাপাশি সংলগ্ন আরও একাধিক পুরসভায় ৩১ জুলাই পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক নির্মাণকাজ সাময়িক বন্ধ থাকবে। বজবজ, মহেশতলা, পূজালি, সোনারপুর, বারুইপুর পুরসভা এবং  রাজারহাট- নিউটাউন, বিষ্ণুপুর গ্রামীণ এলাকায় বন্ধ থাকবে কাজ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সব পুরসভা এবং পঞ্চায়েত এলাকাগুলিতে তৃণমূল পরিচালিত পুরবোর্ডের সময়ে অনুমোদিত সব নির্মাণের প্ল্যান এবং সেফটি অডিট হবে৷ সেই অডিটে ছাড়পত্র পেলেই ফের নির্মাণকাজের অনুমতি দেওয়া হবে৷ ১ আগস্ট থেকে কাজ শুরু হবে।

     
  • Link to this news (আজকাল)