• দুর্গাপুরে সিএমইআরআই পরিদর্শনে অগ্নিমিত্রা পাল, বর্জ্য ব্যবস্থাপনায় কেন্দ্রের প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ
    দৈনিক স্টেটসম্যান | ২৬ জুন ২০২৬
  • রাজ্যের বিভিন্ন পুরসভায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে সিএমইআরআই-এর প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনার কথা জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার দুর্গাপুরে সেন্ট্রাল মেকানিক্যআল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শনের পর তিনি জানান, প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি, জৈব বর্জ্য থেকে জৈবসার, শুকনো পাতা থেকে বিকল্প জ্বালানি এবং নির্মাণ বর্জ্য থেকে কম খরচে ইট তৈরির প্রযুক্তি রাজ্যের বিভিন্ন পুরসভায় কাজে লাগানো হবে।

    মন্ত্রী জানান, এই প্রকল্পে রাজ্য সরকার প্রয়োজনীয় জমি দেবে এবং সিএমইআরআই প্রযুক্তিগত জ্ঞান ও কারিগরি সহায়তা প্রদান করবে। সেই প্রযুক্তির সাহায্যে দীর্ঘদিন ধরে জমে থাকা কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য আধুনিক কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁর দাবি, বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহারের মাধ্যমে যেমন পরিবেশ দূষণ কমবে, তেমনই পুরসভাগুলির রাজস্ব আয়ের নতুন সম্ভাবনাও তৈরি হবে।

    পরিদর্শন শেষে অগ্নিমিত্রা পাল বলেন, অতীতে কেন্দ্রের গবেষণা ও প্রযুক্তিকে রাজ্যে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তাঁর অভিযোগ, ‘সাধারণ মানুষের কাছে এমন ধারণা তৈরি করা হয়েছিল যে কেন্দ্র বাংলাকে বঞ্চিত করছে। তবে বর্তমানে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর কথায়, এখন সবাই বুঝতে পারছেন কেন ডবল ইঞ্জিনের সরকার দরকার বলেছিলাম।‘

    মন্ত্রী আরও জানান, নগর উন্নয়ন দপ্তরের তরফে ইতিমধ্যেই সিএমইআরআই-কে চিঠি পাঠানো হয়েছে। রাজ্যের বিভি্ন্ন এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য নিষ্পত্তির কাজে এই প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)