• সরকারি স্বাস্থ্যকেন্দ্রে টিকা নেওয়ার পরই মৃত্যু নাবালিকার! ভিডিও ভাইরাল হতেই উঠছে প্রশ্ন
    প্রতিদিন | ২৬ জুন ২০২৬
  • সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকা নেওয়ার পরই মর্মান্তিক পরিণতি নাবালিকার। টিকা নেওয়ার কিছুক্ষণ পর মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৭ বছরের কিশোরী। ভয়ংকর সেই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে সরকার। শুরু হয়েছে তদন্ত। যে টিকা নেওয়ার পর নাবালিকার মৃত্যু হয়, সেই ব্যাচের সমস্ত টিকা বাতিল করা হয়েছে।

    জানা যাচ্ছে, গত বুধবার নাসিক পুরসভার তরফে টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। দুপুর ১২টা ৪০ নাগাদ সেই ক্যাম্প থেকে টিটেনাস ও ডিপথেরিয়া (টিডি) টিকা নেয় ওই কিশোরী। বুস্টার ডোজ নেওয়ার কিছুক্ষণ পর মাথা ঘোরার কথা জানায় সে। এরপর স্বাস্থ্যকেন্দ্রের পাশেই একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে অজ্ঞান হয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় মাথাতেও গুরুতর আঘাত লাগে তার। ওই অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

    এই পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, একটি দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে ওই কিশোরী। কয়েক সেকেন্ডের মধ্যে মাথা ঘুরে নিচে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয়রা কোনও মতে তাকে ধরে তোলার চেষ্টা করছেন। নাবালিকার এহেন মর্মান্তিক পরিণতির পর পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছে, টিকা নেওয়ার জেরেই মৃত্যু হয়েছে তাঁদের মেয়ের। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়েছে। যদিও স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

    স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, ওই ক্যাম্পে আরও ৬ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। যার মধ্যে ছিলেন ৪ জন গর্ভবতী মহিলা, ১৬ বছরের এক কিশোরী ও ১০ বছরের এক বালক। তাদের শরীরে কোনও খারাপ প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওই ব্যাচের ভ্যাকসিনগুলি বাতিল করা হয়েছে। সেগুলির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। কিশোরীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই জানা যাবে মৃত্যুর আসল কারণ।
  • Link to this news (প্রতিদিন)