দেশের এবার ছুটবে হাইড্রোজেন ট্রেন! হরিয়ানায় সফল পরীক্ষা, কবে শুরু যাত্রী পরিষেবা?
প্রতিদিন | ২৬ জুন ২০২৬
বছরের শুরুতেই জানা গিয়েছিল, শিগগিরি দেশের প্রথম হাইড্রোজেন ইঞ্জিত–চালিত ট্রেন যাত্রী পরিষেবা শুরু করবেষ এবার হরিয়ানার ঝিন্দ-শোনিপত রুটে সম্পন্ন হল চূড়ান্ত হাই স্পিড ট্রায়াল। জানা গিয়েছে, সর্বোচ্চ ১২০ কিমি প্রতি ঘণ্টায় ছুটেছে ট্রেনটি। নেট ভুবনে ছড়িয়ে পড়েছে ট্রায়ালের ভিডিও। ট্রায়ালের সাফল্যকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে, এবার দেশব্যাপী এই ট্রেনের যাত্রী পরিষেবা শুরু করতে আর কোনও সমস্যা নেই।
এই ট্রেনই বিশ্বের দীর্ঘতম ও সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন চালিত ব্রডগেজ ট্রেন হতে চলেছে। প্রথম রুটও হবে ঝিন্দ-শোনিপত রুটেই। বাস্তব কর্মপরিবেশে নতুন প্রযুক্তিটি পরীক্ষা করার জন্য উপযুক্ত হিসেবে বিবেচনা করেই ট্রেনটি এই রুটে চালনো হল।
কীভাবে ছুটবে এই ট্রেন? জানা গিয়েছে, হাইড্রোজেন ফুয়েল-সেল প্রযুক্তি হাইড্রোজেন ও অক্সিজেনের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে। আর এর ফলে সরাসরি নির্গমন হিসেবে কেবল জলীয় বাষ্প তৈরি হয়। প্রচলিত ডিজেল-চালিত ট্রেনের তুলনায় এটি অনেক বেশি পরিচ্ছন্ন বিকল্প। একই সঙ্গে শব্দ ও বায়ু দূষণ কমাতেও সহায়তা করবে। ফলে হাইড্রোজেন ট্রেন ঘিরে প্রত্যাশা অনেক বেশি।
বিশ্বের পঞ্চম দেশ হিসেবে হাইড্রোজেন ট্রেন চালানোর গৌরব অর্জন করবে ভারত। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে যেখানে এই ট্রেনটি তৈরি হয়েছে। সেখানেই ট্রায়াল রানও সম্পূর্ণ। এবার সম্পন্ন হল স্পিড ট্রায়াল। এখন শুধু অপেক্ষা কবে সেই অত্যাধুনিক ট্রেন আমজনতার পরিষেবার জন্য আনবে রেল। বিশেষজ্ঞদের মতে, দেশে পর্যটন শিল্পকে নয়া দিশা দেখাবে হাইড্রোজেন ট্রেন। আগেই এই দাবি করছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। রাজ্যসভায় তিনি জানিয়েছিলেন, ‘হাইড্রোজেন ফর হেরিটেজ’-এর উদ্যোগে গোটা দেশে সবমিলিয়ে ৩৫টি হাইড্রোজেন ট্রেন চালানো হবে। পাইলট প্রজেক্টে আপাতত হরিয়ানার জিন্দ থেকে সোনিপত পর্যন্ত চলবে এই ট্রেন। পরে আরও বিভিন্ন রুটে হাইড্রোজেন ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের।