ছুটির দিনেও অফিস! উচ্চপদস্থ কর্তাদের সাহায্য করতে সরকারি কর্মীদের হাজিরার নির্দেশ
প্রতিদিন | ২৬ জুন ২০২৬
এবার শনি, রবি বা অন্যান্য সরকারি ছুটির দিনেও আসতে হবে অফিসে! রাজ্য সরকারের সব দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সাহায্যের জন্য রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের বিভিন্ন সেলের কর্মীদের পালা করে অফিসে আসার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে, উচ্চপদস্থ আধিকারিকরা শনিবার, রবিবার ও সরকারি ছুটির দিনেও কাজ করেন। সেই কারণে দপ্তরের অন্যান্য শাখার কর্মীদের তাঁদের প্রয়োজন মতো সহায়তা করতে হতে পারে। তাই সব দপ্তরকেই নির্দেশ দেওয়া হয়েছে, সরকারি ছুটির দিন হোক বা শনি, রবিবার পালা করে ন্যূনতম কর্মী অফিসে উপস্থিত থাকবেন। সরকারি কাজ নির্বিঘ্নে চালানোর উদ্দেশেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
নবান্ন সূত্রে খবর, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের অধীনেই বিভিন্ন জেলাশাসক, মহকুমাশাসক, বিডিও দফতর রয়েছে,তাই তাদের পরবর্তী স্তরের কর্মীদের ছুটির দিনে অফিসে হাজিরার নির্দেশিকা জারি করা হতে পারে। ওই দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবের অনুমোদনের ভিত্তিতেই বিশেষ সচিব এই নির্দেশিকা জারি করেছেন। অন্যদিকে, গত ২৩ জুন অর্থ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিন উপলক্ষে পূর্ণ দিবস ছুটি ও ১ জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিনে অর্ধদিবস ছুটির সিদ্ধান্ত জানানো হয়েছে।