থানায় ঢুকতে কালঘাম ছুটছে পুলিশকর্মীদের, দুর্ভোগ আমজনতারও! কারণ অবাক করবে
News18 বাংলা | ২৬ জুন ২০২৬
এক পশলা বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে হাবরা থানা চত্বর। থানায় প্রবেশের একমাত্র রাস্তায় গোড়ালি সমান জল জমে যাওয়ায় চরম ভোগান্তির মুখে পড়ছেন সাধারণ মানুষ থেকে পুলিশকর্মীরা। জল পেরিয়েই থানায় প্রবেশ করতে হচ্ছে অভিযোগ জানাতে আসা বিচারপ্রার্থীদের। ফলে থানার স্বাভাবিক কাজকর্মও সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ষাকালে প্রায় নিয়মিত এই চিত্র দেখা যায় হাবরা থানার সামনে। থানায় কোনও অভিযোগ দায়ের করতে বা প্রয়োজনীয় কাজে আসা মানুষজনকে জলমগ্ন রাস্তা পার হয়েই ভিতরে ঢুকতে হচ্ছে। একই সমস্যার মুখোমুখি হচ্ছেন থানার পুলিশকর্মীরাও। পৌর প্রশাসনের দাবি, হাবরা থানা সংলগ্ন এলাকাটি তুলনামূলকভাবে নিচু হওয়ায় বৃষ্টির সময় কিছুটা জল জমে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর একই সমস্যা চললেও স্থায়ী সমাধানের জন্য পৌরসভার পক্ষ থেকে কার্যকর কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর হাবরার নতুন বিধায়ক দেবদাস মণ্ডল এই সমস্যা সমাধানে উদ্যোগী হন কি না, সেদিকেই নজর রয়েছে এলাকাবাসীর। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। বিজেপির স্থানীয় নেতৃত্ব বিপ্লব হালদার জানান, সমস্যার বিষয়টি পূর্ববর্তী সরকারের সময় থেকেই হয়ে আসছে। পৌর প্রশাসন এই সমস্যা দেখা সত্বেও কোন ব্যবস্থা নেয় নি।
হাবরার নতুন বিধায়ককে দ্রুত গোটা পরিস্থিতির কথা জানিয়ে সমস্যা সমাধানে হস্তক্ষেপের দাবি জানানো হবে। আশা করি সমস্যা সমাধান হবে। মানুষের জন্যই কাজ করবে সরকার। এখন সকলের মনে প্রশ্ন একটাই বর্ষার এই দীর্ঘদিনের জলযন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে! প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন থানায় আসা সাধারণ মানুষ ও পুলিশকর্মীরা।