‘প্রাইমারি স্কুলে দুই ছেলে চাকরি হবে,’ চাষির থেকে ৬.৫ লাখ নিয়েছিল পঞ্চায়েতকর্মী! এবার ফাঁস ছবি
News18 বাংলা | ২৬ জুন ২০২৬
চাকরি পাইয়ে দেওয়ার নামে এক কৃষক পরিবারের কাছ থেকে সাড়ে ছয় লক্ষ টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র চাঞ্চল্য মালদহের কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকায়। ঘটনায় প্রতারণার অভিযোগ উঠেছে এক গ্রাম পঞ্চায়েত কর্মী অমল কান্তি সরকারের বিরুদ্ধে। দীর্ঘ প্রায় ছয় বছর কেটে গেলেও চাকরি না মেলায় টাকা ফেরত চাইলে উল্টে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ইতিমধ্যেই, ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।
অভিযোগকারী খগেন মণ্ডল, পেশায় একজন কৃষক। তাঁর দাবি, প্রায় ছয় বছর আগে দুই ছেলেকে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রথমে ২০ লক্ষ টাকা দাবি করেন অভিযুক্ত অমল কান্তি সরকার, যিনি হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতের কর্মী। পরে জমি বিক্রি করে নগদ ৬ লক্ষ ৫০ হাজার টাকা অভিযুক্তের হাতে তুলে দেন তিনি। অভিযোগ, টাকা নেওয়ার পর বারবার চাকরির আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। পরে টাকা ফেরত চাইলে তা না দিয়ে অভিযোগকারীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
খগেন মণ্ডলের দাবি, টাকা দেওয়ার সময় গোপনে একটি ভিডিও রেকর্ড করা হয়েছিল। সেই ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অভিযুক্তকে টাকা নিতে দেখা যাচ্ছে বলে অভিযোগকারীর দাবি। খগেন মণ্ডল জানান, ‘‘২০২৪ সালে তিনি কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু অভিযোগের দেড় বছর পেরিয়ে গেলেও অভিযুক্তের বিরুদ্ধে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”
তবে অভিযুক্ত পঞ্চায়েত কর্মীর বক্তব্য এখনও জানা যায়নি। প্রশাসনের তদন্তের পরই অভিযোগের সত্যতা এবং পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট চিত্র সামনে আসবে।