• 'বাড়ি ফিরছি' বলেই ১০ দিন ধরে বন্ধ ফোন, মিলল না খোঁজ! ২ সন্তানের বাবা রহস্যজনক নিখোঁজ
    News18 বাংলা | ২৬ জুন ২০২৬
  • : মহারাষ্ট্র থেকে ট্রেনে ফিরছিলেন, মাঝপথেই নিখোঁজ! দুই সন্তানের বাবাকে খুঁজতে প্রশাসনের দ্বারস্থ পরিবার। মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন মালদহের এক পরিযায়ী শ্রমিক। গত ১০ দিন ধরে তাঁর কোনও খোঁজ না মেলায় উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। নিখোঁজ যুবকের সন্ধানে প্রশাসনের দ্বারস্থ হয়েছে পরিবার। ঘটনাটি মালদহের পুরাতন মালদহ ব্লকের মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের কদমতলী গ্রামের।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ শ্রমিকের নাম সারিফ শেখ (৩০)। পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী, দুই সন্তান, বৃদ্ধ বাবা-মা এবং এক ভাই। সংসারের দায়িত্ব সামলাতে প্রায় দেড় মাস আগে তিনি মহারাষ্ট্রে টাওয়ারের কাজে যোগ দিতে যান। চলতি মাসের ১৬ তারিখ বাড়ি ফিরবেন বলে পরিবারের সদস্যদের জানিয়েছিলেন। ট্রেন ধরার আগের রাতেও মায়ের সঙ্গে তাঁর কথা হয়। এরপর থেকেই মোবাইল ফোন বন্ধ হয়ে যায় এবং আর কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের দাবি, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সারিফ বাড়ি না ফেরায় আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ শুরু করা হয়। স্থানীয় কয়েকজনের দাবি, তাঁকে মালদহ টাউন স্টেশন সংলগ্ন এলাকায় দেখা গিয়েছিল। কিন্তু তারপর থেকেই তাঁর আর কোনও সন্ধান মেলেনি।

    নিখোঁজ শ্রমিকের মা রেকানুর বিবি বলেন, “ছেলে বাড়ি ফেরার কথা বলেছিল। আজ ১০ দিন কেটে গেল, এখনও কোনও খোঁজ নেই। বিভিন্ন জায়গায় খুঁজেও পাইনি। প্রশাসনের কাছে আবেদন, দ্রুত আমার ছেলেকে খুঁজে বের করা হোক।”

    ঘটনার খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য পিন্টু শেখ।

    তিনি জানান, ইংরেজবাজার থানা এবং মালদহ টাউন জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের উপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে এবং দ্রুত তদন্তের মাধ্যমে সারিফ শেখের সন্ধান মিলবে বলেই আশা করছেন। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে নিখোঁজ পরিযায়ী শ্রমিকের সন্ধানে তদন্ত ও তল্লাশি শুরু করেছে পুলিশ। সারিফ শেখের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)