• সুমিত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে গভীর রাতে বাড়ি থেকে আটক করল পুলিশ
    News18 বাংলা | ২৬ জুন ২০২৬
  • সুমিত ঘনিষ্ঠ যুবককে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। ব্যান্ডেল কেওটা রাধারানী কলোনীর বাসিন্দা ওই যুবকের নাম পলাশ চক্রবর্তী। তৃনমূল কর্মী পলাশ এক সময় কলেজে ছাত্র রাজনীতি করত বলে দাবি স্থানীয়দের। ওই যুবক শ্রীরামপুর কলেজের জিএস ছিলেন।

    পরবর্তী সময়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুব রাজনীতিতে দেখা যায় তাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে গত বছর পাড়ার ক্লাবে প্রথমবার দুর্গা পুজোর স্পনসর ছিলেন পলাশ।

    সুমিতের বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। শ্রীরামপুরে সুমিতের বাড়ি সেখানেও গিয়ে পুলিশ খালি হাতে ফেরে। আদালত থেকে আগাম জামিন চেয়েও পাননি সুমিত।তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছে।যাতে বিদেশে না পালাতে পারেন। এরই মধ্যে সুমিত ঘনিষ্ঠকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পলাশের পাড়ার প্রতিবেশীদের দাবী ভাল ছেলে হিসাবে সুনাম রয়েছে তার। তবে কী কাজ সে করে সে বিষয়ে অনেকেই জানে না।

    পলাশের বাবা প্রদীপ চক্রবর্তী জানান, ছেলে মূল্যবান পাথরের ব্যবসা করে। গতকাল রাত এগারোটার পর পাঁচজন পুলিশ এসে ছেলেকে তুলে নিয়ে যায়। কোন থানা পুলিশ না সিআইডি সে বিষয়ে অবশ্য তাদের কিছু জানানো হয়নি। প্রতিবেশিরাও হতবাক পলাশকে পুলিশ তুলে নিয়ে যাওয়ায়। প্রতিবেশীরা জানান,রাতে একটি সাদা গাড়িতে পাঁচজন এসেছিল, পুলিশ লেখা ছিল গাড়িতে। তবে কোন থানা সে বিষয়ে জিজ্ঞাসা করলে কিছু জানাতে চায়নি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
  • Link to this news (News18 বাংলা)