• মেয়ের কান্নায় অতিষ্ঠ, ৬ মাসের একরত্তির গলা কাস্তে দিয়ে কেটে দিলেন মা
    এই সময় | ২৬ জুন ২০২৬
  • সারা দিন মেয়ের কান্নায় তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন মা। অভিযোগ, সেই রাগে ৬ মাসের একরত্তির গলা কাস্তে দিয়ে কেটে দিলেন মা! তার পরে ওই কাস্তে দিয়ে নিজেরও গলা কাটার চেষ্টা করেন।

    বিহারের পশ্চিম চম্পারণ জেলার বেতিয়ার গোপালপুর থানা এলাকার বারকা গ্রামের ঘটনা। পুলিশের অভিযোগ, বৃহস্পতিবার রাতে ঘরে বসেই নিজের মেয়েকে খুন করেছেন মা সীমা দেবী। চিৎকার-চেঁচামেচি শুনে ঠাকুমা সরস্বতী দেবী ছুটে এসেছিলেন বটে। কিন্তু তিনি যত ক্ষণে ওই ঘরে যান, তত ক্ষণে সব শেষ হয়ে গিয়েছে। বৃদ্ধা দেখেন, ঘর রক্তে ভেসে গিয়েছে। মাটিতে পড়ে রয়েছে তাঁর নাতনি নিথর দেহ। শিশুটির গলার নলিও কাটা। বৃদ্ধা যে সময়ে ঘরে ঢোকেন, সেই সময়ে নিজেরও গলা কাটতে যাচ্ছিলেন সীমা। সরস্বতীই তাঁকে বাধা দেন। পরে তাঁর চিৎকারেই পড়শিরা ছুটে এসে ওই কাস্তে কেড়ে নেন সীমার হাত থেকে।

    পড়শিদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। গোপালপুরের স্টেশন হাউস অফিসার (এসএইচও) অঙ্কিত কুমার জানিয়েছেন, শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সীমাকেও। তাঁর গলায় সেলাই পড়েছে। সরস্বতীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

    সীমার স্বামী সুনীল দাস পেশায় পরিযায়ী শ্রমিক। ঘটনার সময়ে তিনি চণ্ডীগড়ে ছিলেন কাজের সূত্রে। এসএইচও বলেন, ‘মহিলার মানসিক সমস্যা রয়েছে বলে মনে হচ্ছে। তবে ঘটনার তদন্ত করে এবং তাঁর মেডিক্যাল পরীক্ষার পরেই এ ব্যাপারে নিশ্চিত হওয়া সম্ভব।’ ঘটনাস্থল থেকে কাস্তেটি উদ্ধার করেছে পুলিশ। সীমাও আপাতত পুলিশি হেফাজতে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)