• তমন্নার নামে পাঠশালা খুলল সিপিএম, ‘মনেপ্রাণে পরিবর্তন চাইছিলাম’, বলছেন মা সাবিনা
    এই সময় | ২৬ জুন ২০২৬
  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্প্রতিই দেখা করেছেন তমন্নার মা সাবিনা ইয়াসমিন। তার পরেই তমন্না খুনের তদন্ত গতি পেয়েছে। গ্রেপ্তারও হয়েছেন পাঁচ জন। শুভেন্দুর সরকারের এই তৎপরতায় খুশি সাবিনা। জানান, তিনি মনেপ্রাণে পরিবর্তন চেয়েছিলেন। অন্য দিকে, বালিগঞ্জে তমন্নার নামে পাঠশালাও খুলেছে সিপিএম। নাম দেওয়া হয়েছে— তমন্না খাতুন স্থায়ী পাঠশালা ও পাঠাগার।

    সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর তরফে জানানো হয়েছে, তারা বালিগঞ্জের বেলতলায় এই পাঠশালা খুলেছে। সপ্তাহে তিন দিন সেখানে প্রথম থেকে অষ্টম শ্রেণির বাচ্চাদের পড়ানো হবে নিখরচায়। এই নিয়ে মোট চারটি পাঠশালা খুলেছে তারা। স্থানীয় গৃহশিক্ষকেরাই পড়াবেন সেখানে। গল্পপাঠের আসরও বসবে। বালিগঞ্জের প্রতিটা ওয়ার্ডেই এ রকম পাঠশালা খোলার পরিকল্পনা নিয়েছে ডিওয়াইএফআই। পাঠশালার দেওয়ালে ঝোলানো থাকবে তমন্নার ছবি।

    তমন্নার মা বলেন, ‘আগের সরকার মেয়ের খুনের তদন্ত ধামাচাপা দিতে চাইছিল। আমি নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চেয়েছি। দোষীরা সকলেই ধরা পড়বে বলে আশ্বস্ত করেছেন উনি। কথা দিয়ে কথা রাখছেনও। দোষীদের যেন কঠোর শাস্তি হয়। পুলিশ চাইলে আগেই সবাইকে গ্রেপ্তার করতে পারত। কিন্তু করেনি।’

  • Link to this news (এই সময়)