• কাদের নামে হবে কলকাতার রাস্তা? কী বললেন কার্তিক মহারাজ?
    এই সময় | ২৭ জুন ২০২৬
  • নাম বদলে যাবে কলকাতার নানা রাস্তার। ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিলিয়ে কোনও মনীষীর নামে নতুন করে নামকরণ হতে পারে কলকাতার নানা রাস্তার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দ অর্থাৎ কার্তিক মহারাজের নেতৃত্বে একটি কমিটি নাম-বদল সংক্রান্ত প্রস্তাব রাখবে। কী ভাবে বেছে নেওয়া হবে নতুন নাম? কারা থাকবেন কমিটিতে? এই সময় অনলাইনের সঙ্গে একান্ত আলাপচারিতায় সেই কথা জানালেন কার্তিক মহারাজ।

    কার্তিক মহারাজ জানান, প্রথমে কমিটি তৈরি করা হবে। ঐতিহাসিক ভিত্তি এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে সম্পর্ক কি? এগুলির উপর নির্ভর করবে বিষয়টি।

    কলকাতার নানা রাস্তা নানা ব্রিটিশ ব্যক্তির নামে রয়েছে। তার মধ্যে কোনওগুলি পরে অন্য কারও নামে বদল করা হয়েছে। এ বার নাম বদলের সময় কী কী ভাবা হচ্ছে? কার্তিক মহারাজ জানালেন, বাংলার নানা মনীষী ও বিপ্লবীদের নাম আপাতত ভাবে ভাবা হচ্ছে। তিনি বলেন, ‘যেমন বিশ্ববাংলা, এটাকে একটা মহাপ্রভুর নাম দিয়ে করা হবে।’ রাখালদাস বন্দ্যোপাধ্যায়, বিপ্লবী উল্লাসকর দত্ত, মাস্টারদা সূর্য সেন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী- এমন নানা নাম শোনা গিয়েছে তাঁর মুখে। তবে কোন রাস্তা, কার নামে হবে তা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

    শুধু কলকাতা নাকি গোটা রাজ্যেই হবে এই কাজ? কার্তিক মহারাজ জানালেন, গোটা রাজ্যেই হবে। তবে প্রথমে কলকাতা ও লাগোয়া জেলাগুলি নিয়ে কাজ হবে।

    কার্তিক মহারাজ জানালেন, ১৫ জনের কমিটি গড়া হবে। যাঁরা প্রবীণ গবেষক, যাঁরা ইতিহাসবিদ তাঁদের কমিটিতে রাখার ভাবনাচিন্তা চলছে।

    কার্তিক মহারাজ বলেন, ‘আগে বিভিন্ন জায়গা থেকে নামগুলো আসবে, আমরা সেগুলো স্ক্রিনিং করব। ওই এলাকায় আমরা যাব। আমরা গিয়ে সেই এলাকার মানুষের মতামত নেব। তারপরে ইউনিভার্সালি ওটাকে একসেপ্ট করে ঘোষণা করা হবে।’ যা নিয়ম মেনে এই কাজ করার কথা, সব নিয়ম মেনেই হবে বলে জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)