• শনি-রবি-ছুটির দিনেও খোলা থাকবে সরকারি অফিস!
    আজকাল | ২৭ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শনিবার, রবিবার বা অন্য কোনও সরকারি ছুটির দিনেও এখন থেকে খোলা থাকবে পশ্চিমবঙ্গ সরকারের পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (P&AR) দপ্তর। 

    ছুটির দিনগুলোতে প্রশাসনের শীর্ষ কর্তারা যাতে নির্বিঘ্নে কাজ চালাতে পারেন, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের অনুমোদন মেলায় ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করা হয়েছে। 

    সেখানে স্পষ্ট জানানো হয়েছে, ছুটির দিনেও কাজ সচল রাখতে P&AR দপ্তরের প্রতিটি শাখাকে আলাদা ‘রোস্টার’ বা সূচি তৈরি করতে হবে। 

    সেই সূচি মেনেই ছুটির দিনগুলোতে ন্যূনতম প্রয়োজনীয় কর্মী (স্কেলিটন স্টাফ) অফিসে হাজির থাকবেন। প্রশাসনের শীর্ষ স্তরের কাজে যাতে কোনও রকম খামতি বা দেরি না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

    প্রসঙ্গত, জুলাই মাসের প্রথম সপ্তাহের দু’দিন ছুটির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। এই ছুটি নিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। 

    বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন ১ জুলাই। ওই দিন সকল সরকারি দপ্তরে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে।

    ১ জুলাই দুপুর ২টোর পরে সরকারের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

    বিধানচন্দ্র রায়ের জন্মদিন চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় গোটা রাজ্যে। সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও এই দিন পালন করেন। তবে, কলকাতার রেজিস্ট্রার অব অ্যাসিওরেন্সেস এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ অফিসকে এই নির্দেশের আওতার বাইরে রাখা হয়েছে।

    ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মদিন। ওই দিন পূর্ণদিবস ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপাল আর এন রবি এই ছুটির অনুমোদন দিয়েছেন।

    ইতিমধ্যেই, রাজ্যের রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে ‘শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি পক্ষ’ পালনের নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর।

    বাজেটেও শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছে রাজ্য। তাঁর ১২৫ ফুটের মূর্তি তৈরি করার কথা ঘোষণা করা হয়েছে। ৬ জুলাই ভূমিপুজো হওয়ার সম্ভাবনা রয়েছে।

    হুগলির জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়ি সংস্কার, তাঁর নামে গ্রন্থাগার এবং পার্ক তৈরি হবে। ইতিমধ্যে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • Link to this news (আজকাল)