শোভন চট্টোপাধ্যায়ের পিএসও-র বিরুদ্ধে হেনস্থার অভিযোগ
আজকাল | ২৭ জুন ২০২৬
রিয়া পাত্র
কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সঞ্জু শর্মার বিরুদ্ধে চার্জশিট পেশ করল পুলিশ। তাঁর বিরুদ্ধে নাবালিকা এবং এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছিল।
তারপরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। ২২ দিনের মাথায় সঞ্জু শর্মার বিরুদ্ধে চার্জশিট পেশ করা হল। শোভন চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে এক মহিলা এবং তাঁর নাবালিকা কন্যাকে হেনস্থার মতো গুরুতর অভিযোগ ওঠে।
জানা যায়, ঘটনার সূত্রপাত ছুটি নেওয়াকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছিল, সঞ্জু শোভন চট্টোপাধ্যায়কে জানিয়েছিলেন, এবার থেকে টানা ১৫ দিন তিনি কাজ করবেন। মাসের বাকি ১৫ দিন ছুটি দিতে হবে তাঁকে।
শোভন তাঁর নিরাপত্তারক্ষীর সেই দাবি সাফ নাকচ করে জানান, সেটা সম্ভব নয়। এরপর তাঁকে কাজে ডাকা হলেও তিনি আসেননি। পরে এসে তিনি এই ঘটনা ঘটান বলে অভিযোগ ওঠে।
এমনকী, তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টারও অভিযোগ উঠেছে। জানা গিয়েছিল, সঞ্জু ওই নাবালিকাকে একা পেয়ে তাঁকে হেনস্থা করার চেষ্টা চালাচ্ছিলেন। সেই সময় ওই মহিলা এসে সঞ্জুকে বাধা দিলে তখন ওই মহিলাকে মারধর করা হয়, অভিযোগ তেমনটাই।
ঘটনায় পুলিশে খবর দিলে সঞ্জুকে গ্রেপ্তার করে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। ২২ দিনের মাথায় চার্জশিট পেশ করা হল শুক্রবার। ঘটনায় যথাযথ পদক্ষেপ নেওয়ায় তাঁরা ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারীর প্রশাসনকে।