টিকিট ছাড়া ট্রেনে উঠলে খাল কেটে কুমির ডাকবেন, গুনতে হবে দ্বিগুণ জরিমানা! লিস্ট দেখে নিন
News18 বাংলা | ২৭ জুন ২০২৬
বিনা টিকিটে যাত্রা করলে এবার বিপদ বাড়বে যাত্রীদের। জরিমানা গুনতে হবে দ্বিগুণ টাকা। ট্রেনে উঠে নিময় ভাঙলেই বাড়তি চাপ হবে পকেটে। কারণে সম্প্রতি রেলওয়ে আইনে বেশ কিছু সংশোধনের কথা বলা হয়েছে। একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংশোধিত ধারাগুলি কার্যকর করার কথা ঘোষণা করা হয়েছে।
সংশোধিত নিয়ম অনুযায়ী, বৈধ টিকিট বা পাস ছাড়া ভ্রমণের জন্য ন্যূনতম অতিরিক্ত ভাড়া’র পরিমাণ ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। একইভাবে, প্রতারণামূলকভাবে ভ্রমণ করা যাত্রীদের এখন থেকে মূল ভাড়ার পাশাপাশি অতিরিক্ত ভাড়া দিতে হবে। যা ন্যূনতম ৫০০ টাকা ধার্য করা হয়েছে।
ট্রেনে উঠে লুকিয়ে ধূমপান করতে গেলে খাল কেটে কুমির ডাকবেন! কারণ সংশোধিত আইন অনুযায়ী, ধূমপানে জরিমানা দিতে বে ২০০০ টাকা। মহিলাদের কামরায় প্রবেশ করলে টিকিট বাজেয়াপ্ত সহ ২৫০০ টাকা জরিমানা করা হবে। আবার, হস্তান্তরিত বা অন্যের টিকিটে ভ্রমণের ক্ষেত্রেও নিয়ম সংশোধন করা হয়েছে। এখন এক্ষেত্রে টিকিট বাজেয়াপ্ত করার পাশাপাশি মূল ভাড়া এবং অতিরিক্ত ভাড়া দিতে হবে। যা ন্যূনতম ৫০০ টাকা।
অন্যদিকে নতুন নিয়ম অনুযায়ী, মদ্যপান এবং উপদ্রব সৃষ্টির ক্ষেত্রেও ধারাগুলি সংশোধন করা হয়েছে। রেল চত্বর থেকে বের করে দেওয়া এবং টিকিট বাজেয়াপ্ত করার পাশাপাশি, অপরাধীদের এখন ২৪ ঘণ্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। রেলের তরফে জানানো হয়েছে, এই সংশোধনীর মূল উদ্দেশ্য যাত্রার মান সহজ করা, যাত্রীদের মধ্যে শৃঙ্খলা বৃদ্ধি করা এবং রেলওয়ের নিয়মকানুন উন্নত করা।