• ৩৪ বছর আগে বাবার মৃত্যু, এতদিনে হল শ্রাদ্ধ! বিজেপি ক্ষমতায় আসার পর 'প্রতিজ্ঞা পূরণ' দুই ছেলের
    News18 বাংলা | ২৭ জুন ২০২৬
  • মৃত্যু হয়েছিল ১৯৯২ সালে৷ ৩৪ বছর পর হল হরিসাধন দগরির শ্রাদ্ধশান্তি৷ বিজেপি করার অপরাধেই খুনের অভিযোগ তোলে পরিবার রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তবেই বাবার শ্রাদ্ধ শান্তি করবেন, প্রতিজ্ঞা করেছিলেন তাঁর দুই সন্তান। সেইমতো শুক্রবার ধর্মীয় নিয়ম নিষ্ঠার সঙ্গেই বাবা হরিসাধন দগরির শ্রাদ্ধশান্তি করলেম তাঁর দুই ছেলে।

    পরিবারের অভিযোগ, ১৯৯২ সালে বিজেপি করার জন্য হরিসাধন দগরিকে সিপিএমের সশস্ত্র কর্মীরা কুপিয়ে হত্যা করে। সেই সময় গড়বেতা থানায় অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেও পরিবারের অভিযোগ।

    পরিবারের সদস্যদের বক্তব্য, সেই সময় তাঁরা প্রতিজ্ঞা করেছিলেন যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে তবেই বাবার শ্রাদ্ধশান্তি করবেন। সেই প্রতিজ্ঞা অনুযায়ী শুক্রবার তাঁরা এই ধর্মীয় রীতি সম্পন্ন করেছেন। পরিবারের বিশ্বাস, আজ তাঁদের বাবার আত্মা শান্তি পেল।

    প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই রাজনৈতিক হিংসার বলি হওয়া পরিবারদের পাশে থাকার কথা জানিয়েছে বিজেপি সরকার৷ রাজনৈতিক সন্ত্রাসের বলি বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার কথাও জানিয়ে দিয়েছে বিজেপি৷ নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন,  মৃত ৩২১ জন কর্মীর পরিবারের দায়িত্ব নেবে রাজ্য সরকার।

    যে সকল বিজেপি কর্মীদের আত্মবলিদানের মাধ্যমে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাঁদের কৃতজ্ঞতা জানিয়েছিলেন শুভেন্দু। রাজনৈতিক সন্ত্রাসে রাজ্যের ৩২১ জন বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় সঠিক বিচারেরও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (News18 বাংলা)