• 'ও তো কোনও বাবার মেয়ে...', নিজের মেয়ে নিখোঁজ ৩ মাস, 'সেই' ভবঘুরে তরুণীর জন্য যা করলেন অসহায় বাবা
    News18 বাংলা | ২৭ জুন ২০২৬
  • মার্চের ১৩ তারিখ হঠাৎ বীরভূম জেলার সদর শহর সিউড়ির ডাঙ্গালপাড়ার বাসিন্দা বছর ২৪-এর তরুণী অমৃতা সিংহ বেরিয়ে পড়েন বাড়ি থেকে। সেই থেকে কেটেছে অনেকটা সময়, আজও বাড়ি ফেরেনি তরুণী। মেয়ের খোঁজে সেই থেকে বাবা অর্ধেন্দু সিংহ বুকে প্ল্যাকার্ড ঝুলিতে খুঁজে বেড়াচ্ছেন। বীরভূম জেলার এই প্রান্ত থেকে ও প্রান্ত সর্বত্র খোঁজ চালাচ্ছেন মেয়ের জন্য। এভাবেই খোঁজ চালাতে চালাতে হঠাৎই খবর পান বিধাননগরে তাঁর মেয়েকে দেখা গিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর অবশেষে বাবার মুখে কিছুক্ষণের জন্য হাসি ফোটে। কিন্তু সেই হাসি ছিল একেবারেই ক্ষণস্থায়ী। কলকাতায় গিয়ে দেখেন ওই ভবঘুরে তরুণী তাঁর মেয়ে নয়।

    কলকাতায় গিয়ে সেই ভবঘুরে তরুণীকে দেখে চোখের কোণ ভিজেছিল অর্ধেন্দু সিংহের। কলকাতা থেকে ফিরে আসেন। কিন্তু কলকাতা থেকে নিজের বাড়ির সিউড়িতে পৌঁছেও ওই ভবঘুরে তরুণীকে কিছুতেই ভুলতে পারছেন না। ওই ভবঘুরে তরুণী তাঁর মেয়ে না হলেও তো অন্য কোনও বাবারই তো মেয়ে, সেই চিন্তা থেকে ওই ভবঘুরে তরুণীর জন্য কিছু খাবার এবং জামাকাপড় কিনে ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।

    তবে কলকাতায় গিয়ে ফের মনে ধাক্কা লাগে। কলকাতায় গিয়ে জানতে পারেন ওই তরুণী হাসপাতাল থেকে কাউকে কিছু না জানিয়ে পালিয়ে গিয়েছেন, ফের চোখে জল নিয়ে বাড়ি ফিরেছেন। অর্ধেন্দু সিংহ বলেন, “সেই ভবঘুরে তরুণী আমার মেয়ে না হলেও অন্য কারও মেয়ে। হয়তো তার বাবা-মা আমার মতোই মেয়ের জন্য অপেক্ষা করছেন। আমি সেই কথা ভেবে ওই তরুনীর জন্য কিছু খাবার এবং নতুন জামা কাপড় কিনে নিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম ওখানে গিয়ে হাসপাতালে টাকা দিয়ে একটা লোক ঠিক করে ওর চুল কেটে স্নান করিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করব। সেটা আমার আর হয়ে উঠল না।” অর্ধেন্দু সিংহ মৃদু কন্ঠে আরও জানান, “ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, আমার মতো আর কাওকে যেন এই দিন দেখতে না হয়।”
  • Link to this news (News18 বাংলা)