• নগ্ন করে উল্টো ঝুলিয়ে কিশোরকে মারধর, দাঁড়িয়ে দেখল পাড়ার কাকুর পরিবারের সকলে, জয়নগরে ভয়াবহ ঘটনা
    News18 বাংলা | ২৭ জুন ২০২৬
  • নগ্ন করে উল্টো ঝুলিয়ে শিশুকে মারধর। জয়নগরের এই ঘটনার ভিডিও দেখে শিউরে উঠছেন সকলেই। খেলার সময় লাঠির ধাক্কা লেগে যাওয়ার এই শাস্তি। সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়েছে। শিশুর পরিবার বিষয়টা জানতে পেরেই পুলিশের দ্বারস্থ হয়। তবে এখনও অভিযুক্ত গ্রেফতার হয়নি বলেই খবর। ঘটনাটি জয়নগর থানার ধোষা- চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চন্দনেশ্বর গ্রামের। দিন কয়েক আগে ঘটনাটি ঘটেছে। ১১ বছরের শিশুর উপর নৃশংস ও অমানবিক অত্যাচারের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগের তীর স্থানীয় বাসিন্দা তপন হালদারের বিরুদ্ধে। ঘটনার পরই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল ১১ বছরের ওই ছাত্র। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল অভিযুক্ত তপন হালদার। খেলার সময় কোনওভাবে আক্রান্তের হাতে থাকা লাঠিতে ধাক্কা লাগে তপনের। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই ব্যক্তি। অভিযোগ, সে শিশুটির চুলের মুঠি ধরে টানতে টানতে বেশ কিছু দূর নিয়ে যায়। প্রকাশ্যেই তাকে কান ধরে ওঠবোস করায়। কিন্তু তাতেও শান্তি হয়নি। শিশুর পরিবারের অভিযোগ, এরপর তাকে নিজের বাড়িতে নিয়ে যায় তপন। সেখানে খুদের পায়ে দড়ি বেঁধে উলটো করে ঝুলিয়ে বেধড়ক মারধর করা হয়। খুলে ফেলা হয় তার পরনের প্যান্ট। শুধু তপন নয়, সেই সময়ে ঘটনাস্থলে ছিল অভিযুক্তের স্ত্রী এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা।

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বিষয়টি কাউকে জানালে দেখে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় খুদেকে। ফলে ভয়ে রাতে বাড়িতে ফিরে প্রথমে কাউকে কিছু জানায়নি শিশুটি। তবে তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখে পরিবারের সন্দেহ হয়। বারবার জিজ্ঞাসা করলেও সে মুখ খোলেনি। পরে পরিবারের এক সদস্য অভিযুক্তদের মোবাইলে তোলা সেই ভিডিও কোনওভাবে দেখতে পাওয়ায় গোটা ঘটনাটি সামনে আসে। এরপর শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই পরিবারের তরফে জয়নগর থানার অধীনে ধোষা পুলিশ ক্যাম্পে বিষয়টা জানানো হয়। পরবর্তীতে জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)