• ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার, প্রকাশিত পরীক্ষার সূচি
    দৈনিক স্টেটসম্যান | ২৭ জুন ২০২৬
  • উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই পরীক্ষা, যা চলবে ৭ অক্টোবর পর্যন্ত। দুর্গাপুজোর প্রায় এক মাস আগে শুরু হওয়া এই পরীক্ষাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে পরীক্ষার্থীরা।

    বৃহস্পতিবার সংসদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অধিকাংশ বিষয়ের পরীক্ষা হবে দেড় ঘণ্টার। পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল ১১টায় এবং শেষ হবে বেলা সাড়ে ১২টায়। তবে ভিজুয়াল আর্টস, মিউজিক এবং অন্যান্য ভোকেশনাল বিষয়ের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা। এই পরীক্ষাগুলি চলবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

    পরীক্ষার প্রথম দিন, অর্থাৎ ২১ সেপ্টেম্বর, অনুষ্ঠিত হবে বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু এবং পাঞ্জাবি ভাষার পরীক্ষা। অন্যদিকে, ৭ অক্টোবর শেষ দিনের পরীক্ষায় থাকবে বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন।

    সংসদ সূত্রে জানা গিয়েছে, তৃতীয় সেমিস্টারের প্রশ্নপত্র সম্পূর্ণরূপে এমসিকিউ ভিত্তিক হবে। ফলে শিক্ষার্থীদের দ্রুত ও নির্ভুল উত্তর দেওয়ার দক্ষতার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি সংসদের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং সেখান থেকেই পরীক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। উল্লেখ্য, চলতি বছরের উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে পাশের হার ছিল ৯১.২৩ শতাংশ। এবার তৃতীয় সেমিস্টারের পরীক্ষার সূচি প্রকাশের সঙ্গে সঙ্গে নতুন শিক্ষাবর্ষের পরীক্ষার প্রস্তুতিও আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল।

    এই বছরে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের ফল প্রকাশ হয়েছিল গত ১৪ মে। ওই পরীক্ষায় নাম রেজিস্টার করেছিলেন ৬ লক্ষ ৩৫ হাজার ৯৩১ জন। পরীক্ষা দিয়েছেন ৬ লক্ষ ২৬ হাজার ২৫৮ জন। উত্তীর্ণ হয়েছেন ৫ লক্ষ ৭১ হাজার ৩৫৫জন। পাশের হার ৯১.২৩ শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হার ৯৪.১৯ শতাংশ। ফলাফলের নিরিখে সব থেকে বেশি পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন এই জেলা থেকে। প্রথম দশের মেধাতালিকায় রয়েছেন ৬৪ জন। ছাত্র ৫৬ জন এবং ছাত্রী আট জন। প্রথম হয়েছেন আদৃত পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। এখন দেখার এই পরীক্ষায় কোন জেলা নজির গড়ে। যদিও ইতিমধ্যেই সকল পড়ুয়া মন দিয়ে পড়াশোনা শুরু করেছে পরীক্ষার জন্য। সকলকেই শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষা সংসদ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)