• ‘দ্বিতীয়বার আসতে হলে ভালো হবে না’, মাফিয়ারাজ রুখতে পুলিশকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী শঙ্করের
    প্রতিদিন | ২৭ জুন ২০২৬
  • চোখ পাকিয়ে আঙুল তুলে রীতিমতো ধমক। ‘ব্যবস্থা নিন, দ্বিতীয়বার যাতে আমাকে আসতে না হয়।’ থানায় গিয়ে সোজা পুলিশকে হুঁশিয়ারি দিতে দেখা গেল পর্যটন মন্ত্রীকে। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার আশিঘর পুলিশ ফাঁড়িতে ঢুকে মাফিয়ারাজ বন্ধ করতে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। শঙ্করের (Shankar Ghosh) হুঁশিয়ারি, “ব্যবস্থা নিন। আমাকে যেন দ্বিতীয়বার আসতে না হয়। আসতে হলে আপনাদের পক্ষে ভালো হবে না।”

    বিধানসভায় বাজেট অধিবেশন পর্ব মিটিয়ে সবে মাত্র শিলিগুড়িতে ফিরেছেন শঙ্কর। বর্ষায় ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার আশিঘর এলাকায় পৌঁছে যান শিলিগুড়ির বিধায়ক। বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে এলাকা ঘুরে দেখেন তিনি। এলাকা পরিদর্শনের মাঝেই তোলাবাজি, মাফিয়ারাজের অভিযোগ মন্ত্রীর কানে যায়। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভপ্রকাশ করেন স্থানীয়রা। সাধারণ মানুষের অভিযোগ পেতেই সোজা আশিঘর পুলিশ ফাঁড়িতে পৌঁছে যান মন্ত্রী। তাঁর সামনেই স্থানীয় এক বাসিন্দা পুলিশকে একটি ভিডিও দেখিয়ে গুন্ডামির অভিযোগ করেন। এরপরই শঙ্কর হুঁশিয়ারি দেন, “যা অভিযোগ রয়েছে, তার ব্যবস্থা নিন। আমাকে যেব দ্বিতীয়বার আসতে না হয়। আসতে হলে সেটা আপনাদের পক্ষে ভালো হবে না।”

    বাসিন্দাদের অভিযোগ, ওই থানা এলাকায় জমি থেকে বালি মাফিয়াদের রমরমা চলছে দিনের পর দিন। প্রকাশ্যে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগও তোলেন স্থানীয়রা। এই নিয়ে আশিঘর পুলিশ ফাঁড়িতে অভিযোগও দায়ের হয়েছে। রাজ্যে সরকারের পালাবদলের পরেও ছবিটা একই রয়ে গেছে বলে অভিযোগ। এরপরই ‘রণংদেহি’ মূর্তি দেখা যায় মন্ত্রীর। এদিন শঙ্কর ঘোষ বলেন, “ওঁরা যদি ভাবেন গত সরকারের সময় যেমন কাজ হত, এখনও তাই চলে, সেটা হবে না।” প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি-সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন শিলিগুড়িতে পুলিশকে ধমক দিয়ে সেই নীতির কথাও স্মরণ করিয়ে দেন শঙ্কর।
  • Link to this news (প্রতিদিন)