বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
প্রতিদিন | ২৭ জুন ২০২৬
৩৪ বছরের প্রতিজ্ঞা পূরণ। দীর্ঘ সাড়ে তিন দশক পর বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা।রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর শেষকৃত্য সম্পন্ন হল বিজেপি কর্মীর। এক অনন্য প্রতিজ্ঞা পূরণের সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা। শুক্রবার ধর্মীয় ও শাস্ত্রীয় নিয়ম মেনে হরিসাধন বাবুর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়।
সালটা ১৯৯২। সিপিএমের দুষ্কৃতীদের হাতে খুন হন সিপিএম কর্মী হরিসাধন ডোগরি। সেই সময়ে বিজেপি করার অপরাধে তাঁকে খুন করা হয় বলে দাবি পরিবারের। কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই সময় গড়বেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযুক্তদের আড়াল করা হয়। তারা ছাড়া পেয়ে যায় বলে দাবি পরিবারের। বিচারের আশা হারিয়ে তখনই কঠিন শপথ নিয়েছিলেন নিহতের দুই পুত্র। তাঁদের প্রতিজ্ঞা ছিল, যতদিন না রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে ততদিন বাবার শ্রাদ্ধশান্তি করবেন না তাঁরা।
মাঝে বাম সরকারের পতনের পর তৃণমূল ক্ষমতায় আসলেও ওই বিজেপি কর্মীর খুনের মামলার কোনও সুরাহা হয়নি। এরপর ১৫ বছরের তৃণমূলের শাসনের পর প্রথমবার রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। এবার তাঁদের প্রতিজ্ঞা পূরণ করলেন দুই ছেলে। নিহতের বড় পুত্র তন্ময় ডোগরি বলেছেন, “আমরা প্রতিজ্ঞা করেছিলাম, বাবার খুনিরা শাস্তি না পাওয়া এবং অনুকূল রাজনৈতিক পরিবেশ না আসা পর্যন্ত এই আচার করব না। আজ সেই প্রতিজ্ঞা পূরণ করে বাবার আত্মার শান্তি কামনা করলাম।”