• অনুপ্রবেশকারীদের পর এ বার দেশকে মাদকমুক্ত করতেও শাহের ‘থ্রি-ডি’ নীতি!
    এই সময় | ২৭ জুন ২০২৬
  • দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করার লক্ষ্যে ‘থ্রি–ডি’ অর্থাত্‍ ‘ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট’ নীতি নিয়ে এগোতে হবে, সব রাজ্যকে নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাঁর নির্দেশিত পথেই দেশের সীমান্তবর্তী রাজ্যগুলিতে লুকিয়ে থাকা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আইনানুগ পদ্ধতিতে এ দেশ থেকে বিতাড়ন করা হচ্ছে৷ এই আবহেই শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন, যে কোনও মূল্যে দেশকে ড্রাগ বা মাদকমুক্ত করতেই হবে৷

    তিনি জানান দেশের সার্বিক বিকাশ ত্বরান্বিত করার লক্ষ্যে নরেন্দ্র মোদীর সরকার ‘মাদকমুক্ত ভারত’ গড়ার জন্য সচেষ্ট। ড্রাগ–বিরোধী অভিযান চালানো হবে ‘জিরো টলারেন্স’ নীতিতে— সাফ জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

    এই লক্ষ্যেও একটি ‘থ্রি–ডি’ নীতি প্রণয়নের উপরে জোর দিয়েছেন তিনি৷ ড্রাগ–বিরোধী অভিযানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশিত থ্রি–ডি ফর্মুলার তিনটি স্তর হলো— ডিটেক্ট, ডিসরাপ্ট এবং ডেসট্রয়৷ শুক্রবার দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের দশম শীর্ষ পর্যায়ের বৈঠকে দেশকে ড্রাগ–মুক্ত করতে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের মাধ্যমে এই থ্রি–ডি নীতি নিয়ে এগোনোর নির্দেশই দিয়েছেন শাহ৷

    এই প্রসঙ্গেই একটি পরিসংখ্যান পেশ করে মোদী সরকারের তরফে পরিচালিত ‘ড্রাগ–বিরোধী’ অভিযানের সাফল্যের বিবরণ পেশ করেন শাহ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ দিন দাবি করেন, ২০১৪-২৬ মোদী সরকারের কার্যকালের এই ১২ বছরে সারা দেশে বাজেয়াপ্ত হয়েছে ১,৮৪,০০০ কোটি টাকার মাদক৷ ইউপিএ-১ এবং ২ সরকারের এক দশকে দেশের সর্বত্র অভিযান চালিয়ে মাত্র ৪০,০০০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছিল, উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

    এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৪৪টি মন্ত্রকের প্রতিনিধি এবং দেশের সব রাজ্যের আমলাদের উপস্থিতিতে সাফ জানান, মাদক বিক্রেতা এবং মাদক সরবরাহকারীদের কোনও ভাবে রেয়াত করা যাবে না৷ এই ক্ষেত্রে কঠোর এবং আপসহীন অবস্থান গ্রহণ করে আইনানুগ পদ্ধতিতে মাদক বিক্রেতাদের কড়া শাস্তি দিতেই হবে, সাফ জানান শাহ৷ তিনি রাজ্যগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র তৈরি ডিজিটাল পোর্টালের মাধ্যমে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান নিশ্চিত করে। এর ফলে মাদক-সংক্রান্ত মামলাগুলোর ক্ষেত্রে আরও ভালো সমন্বয় ও তদারকি সম্ভব হবে।

  • Link to this news (এই সময়)