ফেরার আগের দিনই শেষ যাত্রা! মেয়ের বাড়িতে সাপের ছোবলে প্রাণ হারালেন মা
News18 বাংলা | ২৭ জুন ২০২৬
পরিবারের সঙ্গে কয়েকটা আনন্দের মুহূর্ত কাটাতে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। নাতনি-নাতনিদের সঙ্গে সময় কাটিয়ে পরের দিনই নিজের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু সেই ফেরা আর হল না। শুক্রবার সকালে হুগলির বলাগড় থানার অন্তর্গত শক্তিপুর এলাকায় সাপের ছোবলে মর্মান্তিক মৃত্যু হল নদিয়া জেলার বাসিন্দা ৬১ বছরের দুর্গা সরকারের। একটি সুখের পারিবারিক মুহূর্ত নিমেষেই পরিণত হল গভীর শোকে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, নদিয়া জেলার শান্তিপুর থানার গয়েশপুর হাটতলা এলাকার বাসিন্দা দুর্গা সরকার কয়েকদিন আগে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। মৃতার ছেলে সঞ্জিৎ সরকারের কথায়, দুর্গা দেবী প্রায় চার থেকে পাঁচ দিন আগে মেয়ের বাড়িতে আসেন। পরিবারের এক সদস্য সম্প্রতি চাকরির নিয়োগপত্র পাওয়ায় এদিন তাঁর যোগদান করার কথা ছিল। সেই আনন্দের আবহেই পরিবারের সকলেই ব্যস্ত ছিলেন। পরিকল্পনা ছিল, পরিবারের ওই সদস্য চাকরিতে যোগ দেওয়ার পরের দিন দুর্গা সরকারও নিজের বাড়িতে ফিরে যাবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
শুক্রবার সকালে বাড়ির বাথরুমে যাওয়ার সময় আচমকাই একটি বিষধর সাপ তাঁকে ছোবল মারে। প্রথমে বিষয়টি বুঝে উঠতে না পারলেও কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরিবারের সদস্যরা আর সময় নষ্ট না করে তাঁকে উদ্ধার করে দ্রুত কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তাঁর মৃত্যু হয় বলে পরিবারের দাবি। এই আকস্মিক ঘটনায় পরিবারের সদস্যরা ভেঙে পড়েন। যে বাড়িতে কয়েক মুহূর্ত আগেও নতুন চাকরির আনন্দের প্রস্তুতি চলছিল, সেই বাড়িতেই নেমে আসে গভীর শোকের ছায়া।
ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার সেখানেই মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এই ঘটনার পর মৃতার পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকার বাসিন্দাদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল চত্বর। কয়েকদিনের জন্য মেয়ের বাড়িতে বেড়াতে এসে এভাবেই প্রাণ হারাতে হবে, তা কেউ কল্পনাও করতে পারেননি। পরিবারের কাছে এই ঘটনা এখনও যেন অবিশ্বাস্য এক দুঃস্বপ্ন।