• এবার বিরিয়ানিতেও নজরদারি! গুণগত মান না মানলেই সাজা, বড় সিদ্ধান্ত প্রশাসনের
    News18 বাংলা | ২৭ জুন ২০২৬
  • এবার বিরিয়ানিতেও করা হবে নজরদারি। সাধারণ মানুষের শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে খাবারের গুণগত মান বজায় রাখতেই এমন পদক্ষেপ নিল সীমান্ত শহরের বনগাঁ প্রশাসন। স্থানীয় একাংশের মানুষের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বনগাঁর বিভিন্ন বিরিয়ানির দোকানে বিশেষ নজরদারি অভিযান চালাল প্রশাসন।

    অভিযোগ ছিল, বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য কিছু দোকানে সন্দেহজনক উপাদান মেশানো হচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষিতে খাদ্য সুরক্ষা দফতর, পৌর প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এদিন বনগাঁ শহরের একাধিক বিরিয়ানির দোকানে পরিদর্শন করা হয় এবং বিরিয়ানি খাবারের নমুনা সংগ্রহ করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চার থেকে পাঁচটি দোকানের খাবারের গুণগত মান এবং স্বাস্থ্যবিধি সন্তোষজনক হলেও মতিগঞ্জ এলাকার একটি বিরিয়ানির দোকানে একাধিক অনিয়ম ধরা পড়ে।

    খাবারের মান ও পরিবেশের অবস্থা খতিয়ে দেখে ওই দোকানটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং তাৎক্ষণিকভাবে সিল করে দেওয়া হয়। অভিযান চলাকালীন অন্যান্য ব্যবসায়ীদেরও কড়া বার্তা দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের স্বাস্থ্যের সঙ্গে কোনও রকম আপস বরদাস্ত করা হবে না। খাবারের গুণগত মান বজায় না রাখলে শুধু ব্যবসা বন্ধই নয়, আইনি জটিলতার মুখেও পড়তে হতে পারে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। প্রয়োজনে লাইসেন্স বাতিলের মতো কঠোর পদক্ষেপও নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছু দোকানের বিরুদ্ধে বাসি ও পচা খাবার বিক্রি, এমনকি খাবারে রাসায়নিক মেশানোর অভিযোগও রয়েছে। এই বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ ও ডেপুটেশন জমা পড়েছিল আগেই। তারই ভিত্তিতে এই অভিযান। প্রশাসনের এক আধিকারিক জানান, বনগাঁ একটি গুরুত্বপূর্ণ সীমান্ত শহর হওয়ায় প্রতিদিন বহু যাত্রী ও পর্যটক, এমনকি প্রতিবেশী বাংলাদেশের নাগরিকরাও এই এলাকায় আসেন এবং স্থানীয় হোটেল-রেস্তোরাঁয় খাবার গ্রহণ করেন। তাই জনস্বাস্থ্য ও এলাকার ভাবমূর্তি রক্ষার স্বার্থে খাদ্যের মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

    অভিযান শেষে ব্যবসায়ীদের দোকান ও রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশে রান্না করা এবং পরিষ্কার বাসনপত্র ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। বিক্রেতারাও জানান, তাঁরা বিষয়টি নিয়ে সচেতন থাকবেন এবং প্রশাসনের নির্দেশিকা মেনে চলার চেষ্টা করবেন। প্রশাসন সূত্রে খবর, আগামী দিনেও এই ধরনের নজরদারি অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য সুরক্ষায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বনগাঁ প্রশাসনের তরফে।
  • Link to this news (News18 বাংলা)