সিলিংয়ের ফাঁক থেকে উঁকি! মাথার ওপর লুকিয়ে ১৬ ফুটের অজগর, চক্ষু চড়কগাছ সকলের
News18 বাংলা | ২৭ জুন ২০২৬
সিলিং থেকে কানে আসছে ফোঁসফোঁস শব্দ! উঁকি মারছে কালো ছোপ! চোখে পড়তেই শিউরে উঠল গা, ১৬ ফুটের অজগর সিলিং এ! অবিরাম বৃষ্টিতে জঙ্গল ভিজে একাকার। নদী ফুলে-ফেঁপে উঠেছে। আর তারই জেরে যেন মানুষের বসতিতে ঢুকে পড়ছে সরীসৃপও। কিন্তু তাই বলে ঘরের সিলিংয়ের ভেতর লুকিয়ে থাকবে বিশাল এক অজগর এমনটা কল্পনাও করেননি কেউ!
শুক্রবার সকালে বাড়ি পরিষ্কার করতে গিয়ে আচমকাই চোখে পড়ে সিলিংয়ের ফাঁক দিয়ে বেরিয়ে থাকা কালো ছোপ ছোপ কিছু একটা। প্রথমে বিষয়টা ঠিক বোঝা যায়নি। কিন্তু মুহূর্তের মধ্যেই স্পষ্ট হয় ওটা নড়ছে! আর তারপরই দেখা যায় বিশাল এক অজগরের মাথা! দৃশ্যটা চোখে পড়তেই আতঙ্কে চিৎকার করে ওঠেন গৃহকর্ত্রী। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। মুহূর্তে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। সিলিংয়ের ভেতরে লুকিয়ে থাকা সেই বিশাল সাপকে বের করতে শুরু হয় মরিয়া চেষ্টা।
প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টার পর সিলিংয়ের একাংশ ভেঙে উদ্ধার করা হয় প্রায় ১৬ ফুট লম্বা অজগরটিকে। পরে বন দফতরে খবর দেওয়া হলে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিজেদের হেফাজতে নেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মুরগি বা ছোট প্রাণীর খোঁজে বাড়ির ভেতরে ঢুকে পড়েছিল অজগরটি এবং নিরাপদ আশ্রয় হিসেবে সিলিংয়ের ভেতর লুকিয়ে ছিল।স্থানীয়দের দাবি, এলাকায় এর আগে অজগর দেখা গেলেও এমনভাবে বাড়ির ভেতরে, তাও সিলিংয়ের মধ্যে লুকিয়ে থাকার ঘটনা এই প্রথম। ফলে মনের ভেতর ভয় নিয়েই দিন কাটাচ্ছেন গ্রামের বাসিন্দারা। প্রশ্ন উঠছে বর্ষায় কি আরও বাড়বে এমন ঘটনা? তাই সতর্ক থাকার পরামর্শ বন দফতরের তরফে।