‘আমি পারিনি, ওরা পারল’- স্যার ছিলেন রিয়েলিটি শো-র ফাইনালিস্ট, বিদেশ থেকে ছাত্রীরা জিতলেন সোনা
News18 বাংলা | ২৭ জুন ২০২৬
উত্তর ২৪ পরগণা: আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা। আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করে সোনার পদক জিতে ঘরে ফিরল বসিরহাট মহাকুমার তিন কন্যা। নেপালের কাঠমাণ্ডুতে আয়োজিত আন্তর্জাতিক ডান্স চ্যাম্পিয়নশিপে অসাধারণ সাফল্য অর্জন করে এলাকায় খুশির জোয়ার বইয়ে দিয়েছে স্নিগ্ধা গাইন, আরোহী মণ্ডল এবং স্নেহা রায়।
সম্প্রতি নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক নৃত্য প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশ নেন। ওয়েস্টার্ন-সহ নাচের একাধিক বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা ও নৃত্যশৈলীর মাধ্যমে বিচারকদের মন জয় করে নেয় বসিরহাট মহাকুমার এই তিন প্রতিভাবান কন্যা। সোনাজয়ী নৃত্যশিল্পীদের মধ্যে তেতুলিয়ার হঠাৎগঞ্জের বাসিন্দা স্নিগ্ধা গাইন এবং বাদুড়িয়ার বাসিন্দা আরোহী মণ্ডল ও স্নেহা রায় রয়েছেন। আন্তর্জাতিক মঞ্চে তাদের এই সাফল্যে গর্বিত পরিবার, আত্মীয়-পরিজন থেকে শুরু করে গোটা এলাকা।
আরও পড়ুন – Shreyas Iyer On India’s Loss: অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে হারের পরেই খুলল শ্রেয়সের মুখ! অভিযোগের আঙুল ওঠালেন কার-কার দিকে
নেপাল থেকে সোনার পদক নিয়ে ফেরার পর তিন কন্যাকে বরণ করে নিতে উৎসবের আবহ তৈরি হয় এলাকায়। বর্ণাঢ্য র্যালি, ফুলের মালা ও উচ্ছ্বাসে তাদের সংবর্ধনা জানান স্থানীয় বাসিন্দারা। বহু মানুষ করতালি দিয়ে অভিনন্দন জানান এই কৃতী সন্তানদের। তাঁদের এই সাফল্যে আনন্দে মেতে ওঠে গোটা এলাকা।
তিন নৃত্যশিল্পীর প্রশিক্ষক প্রীতম অধিকারী জানান, তিনি নিজে জনপ্রিয় রিয়েলিটি শো এর ২০২১’-এর ফাইনালিস্ট ছিলেন। যদিও আন্তর্জাতিক স্তরে পারফর্ম করার সুযোগ তার হয়নি, তবে তার ছাত্রীরা সেই স্বপ্ন পূরণ করেছে। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমি আন্তর্জাতিক মঞ্চে ডান্সের সুযোগ পাইনি, কিন্তু আমার ছাত্রীরা দেশের জন্য সোনা জিতে এনেছে। একজন শিক্ষক হিসেবে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।” আন্তর্জাতিক মঞ্চে এই সাফল্য শুধু বসিরহাট মহাকুমার গর্বই নয়, ভবিষ্যতে আরও বহু প্রতিভাবান নৃত্যশিল্পীকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন স্থানীয়রা। Input- Julfikar Molla