এই সময়, আসানসোল: এলাকায় অজয় এবং দামোদরের মতো দু'টি বড় নদ থাকা সত্ত্বেও বারাবনি বিধানসভা কেন্দ্রের বেশ কিছু এলাকার মানুষকে আজও পুকুরের জল খেতে হয়। গত ১৫ বছরেও বহু বাড়িতে পৌঁছয়নি পরিস্রুত পানীয় জল। বৃহস্পতিবার বিধানসভায় বাজেট বিতর্কে অংশ নিয়ে এই চরম জলসঙ্কটের কথা তুলে ধরেন বারাবনির বিধায়ক অরিজিৎ রায়। একইসঙ্গে রূপনারায়ণপুরে একটি দমকল কেন্দ্র গড়ার দাবিও জানান তিনি।
শুক্রবার বিধায়ক বলেন, 'অজয় ও দামোদর থাকা সত্ত্বেও এবং কেন্দ্রীয় প্রকল্পের অর্থ আসার পরেও বারাবনি ও সালানপুর ব্লকে চরম জলসঙ্কট রয়েছে। ভোটের আগে ও পরে যেখানেই গিয়েছি, মানুষ পানীয় জলের দাবি জানিয়েছেন। বহু জায়গায় পাইপ বসানো হয়েছে, বাড়িতে কলও দেওয়া হয়েছে, কিন্তু জল পড়ে না।'
তিনি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রীর কাছে আবেদন জানান, যেন দ্রুত বারাবনির সর্বত্র নলবাহিত জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
রূপনারায়ণপুরে নতুন দমকল কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব প্রসঙ্গে অরিজিৎ বলেন, 'আসানসোল মূল শহর থেকে রূপনারায়ণপুর বা সালানপুর ব্লকের দূরত্ব অনেকটাই বেশি। ফলে কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আসানসোল থেকে দমকলের গাড়ি পৌঁছতে বেশ খানিকটা সময় লেগে যায়। তাই রূপনারায়ণপুরে একটি দমকল কেন্দ্র হওয়া অত্যন্ত জরুরি।' তবে বাজেট বিতর্কে বলার জন্য নির্ধারিত সময় কম থাকায়, রূপনারায়ণপুরকে পুরসভার আওতাভুক্ত করার মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত ভাবে ছুঁয়ে যেতে পারেননি বলে জানান তিনি।