• আমোদপুরে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব, বাজেটে ঘোষণা
    এই সময় | ২৭ জুন ২০২৬
  • এই সময়, সিউড়ি: বাজেট পেশ করার সময়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বীরভূম জেলার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মেগা প্রকল্পের ঘোষণা করেছেন। আধুনিক 'ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব' (প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি কেন্দ্র) গড়ে তোলা হবে বীরভূমে। সাঁইথিয়া ব্লকের আমোদপুরে অবস্থিত সরকারি ইন্ডাস্ট্রিয়াল পার্কে এটি হতে চলেছে, যা আগে আমোদপুর সুগার মিল হিসেবে পরিচিত ছিল।

    বাজেটে বীরভূম ও বাঁকুড়া জেলাকে দেশের প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রের সঙ্গে যুক্ত করার এই ব্লু-প্রিন্ট পেশ করা হয়েছে। প্রস্তাবিত এই ডিফেন্স হাবটি সাঁইথিয়া ব্লকের আমোদপুরে দীর্ঘ দিন বন্ধ হয়ে পড়ে থাকা 'আমোদপুর সুগার মিল'-এর জমিতে গড়ে তোলা হবে। ১৯৬০-এর দশকে তৈরি এই চিনিকলটি ২০০২-০৩ নাগাদ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এর বিস্তীর্ণ সরকারি জমি অব্যবহৃত অবস্থায় পড়েছিল।

    পরে রাজ্য শিল্পোন্নয়ন নিগম এই জমিটিকে একটি আধুনিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে গড়ে তোলার কাজ শুরু করে। এ বার সেই পরিকাঠামোকেই দেশের প্রতিরক্ষা খাতের উপযোগী করে ঢেলে সাজার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী। আমোদপুর রেল স্টেশন এবং সাঁইথিয়া জংশন-দুইয়েরই কাছাকাছি হওয়ায় কাঁচামাল আনা এবং তৈরি সরঞ্জাম পরিবহণে রেলওয়ে লজিস্টিকসের বিপুল সুবিধা মিলবে। পাশাপাশি, রাজ্য সড়ক ও জাতীয় সড়কের মাধ্যমে এটি পানাগড় মিলিটারি বেস ও দুর্গাপুরের শিল্পাঞ্চলের সঙ্গে সরাসরি যুক্ত। যেহেতু এটি বন্ধ সুগার মিলের সম্পূর্ণ সরকারি জমি, তাই নতুন করে জমি অধিগ্রহণের কোনও জটিলতা বা স্থানীয় স্তরে ক্ষোভের কোনও আশঙ্কা নেই।

    যৌথ পরিকাঠামো ও সরকারি বাজেট প্রস্তাব অনুযায়ী, শুধু বীরভূমই নয়, এই প্রকল্পের অংশ হিসেবে বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতেও আরএকটি ডিফেন্স হাব এবং দুর্গাপুরে একটি হাই-টেক 'সেমিকন্ডাক্টর ইউনিট' তৈরির কথা ঘোষণা করা হয়েছে। ফলে আমোদপুর-সাঁইথিয়া-দুর্গাপুর-বাঁকুড়া বেল্টটি আগামী দিনে একটি বড়সড় মিলিটারি-ইন্ডাস্ট্রিয়াল করিডর হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে।

    এই ধরনের মেগা প্রজেক্ট আকর্ষণের জন্য রাজ্য সরকার বাজেটে ৫,০০০ কোটি টাকার একটি নতুন 'ইন্ডাস্ট্রিয়াল ইনসেনটিভ ফ্রেমওয়ার্ক' বা শিল্প প্যাকেজ চালু করেছে। প্রতিরক্ষা ক্ষেত্রের সরঞ্জাম উৎপাদন কেন্দ্রে বিপুল পরিমাণ দক্ষ ও অদক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। বীরভূম জেলার, বিশেষ করে আমোদপুর, সাঁইথিয়া, সিউড়ি ও রামপুরহাট এলাকার হাজার হাজার শিক্ষিত ও কারিগরি বিদ্যাসম্পন্ন যুবক-যুবতীদের কাজের জন্য আর ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না। মূল ডিফেন্স হাবটিকে কেন্দ্র করে আমোদপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ছোট ছোট অসংখ্য অনুসারী শিল্প বা সাপ্লায়ার ইউনিট গড়ে উঠবে, যা রাঙামাটির জেলার ঝিমিয়ে পড়া অর্থনীতিকে এক ধাক্কায় অনেকটাই চাঙ্গা করবে।

  • Link to this news (এই সময়)