• উত্তরবঙ্গে রেড অ্যালার্ট, বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত, দক্ষিণে কী পূর্বাভাস?
    এই সময় | ২৭ জুন ২০২৬
  • উত্তরবঙ্গে টানা দুর্যোগের পূর্বাভাস। অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষত, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি কম হবে। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা শক্তি সঞ্চয় করছে। আবহাওয়াবিদদের অনুমান, আগামী ২ বা ৩ জুলাইয়ের মধ্যে এটি বছরের প্রথম নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় ও উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

    দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির দেখা কম। শনিবার ও রবিবার আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা আকাশ থাকলেও অধিকাংশ জেলায় বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে। বৃষ্টি না হলে তীব্র গরম ও চরম অস্বস্তি বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় ১০০ শতাংশে পৌঁছতে পারে। ফলে অনুভূত তাপমাত্রা (ফিল-লাইক টেম্পারেচার) কোথাও কোথাও ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছনোর আশঙ্কা রয়েছে।

    তবে দার্জিলিং থেকে কোচবিহার পর্যন্ত পার্বত্য ও সংলগ্ন এলাকায় ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং দক্ষিণ দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    কলকাতায় শনিবার সকালে রোদের দাপট থাকবে। দুপুরের পর আংশিক মেঘলা আকাশ হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও নেই। ফলে সকাল থেকেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। রবিবার বিকেলের পর কিছুটা স্বস্তি মিলতে পারে। সোমবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাড়লেও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কলকাতায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকতে পারে।

  • Link to this news (এই সময়)