• ‘জনবিন্যাস পাল্টানোর চক্রান্ত’, ইউসিসির পক্ষে দিলীপ
    আজকাল | ২৭ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে শীঘ্রই অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে বিধানসভা অধিবেশনে। বিজেপি সূত্রে খবর, আগামী সোমবার বিধানসভায় পেশ করা হতে পারে ওই বিল। এবার অভিন্ন দেওয়ানি বিধির হয়ে সওয়াল করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, সমাজে ব্রিশৃঙ্খলা ঠেকাতে এই আইনের প্রয়োজন আছে।

    শনিবার বেদিক ভিলেজে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ। সেখানেই সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন তিনি। প্রথমেই তাঁকে প্রশ্ন করা হয় অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে। তিনি বলেন, “অন্যান্য রাজ্যে এই আইন আগেই আনা হয়েছে। সমাজে বিশৃঙ্খলা ঠেকাতে এই আইনের প্রয়োজন আছে। দেশের জনবিন্যাস পরিবর্তন হয়ে যাচ্ছে। চক্রান্ত করে জনবিন্যাস পাল্টে দেওয়ার চেষ্টা চলছে। সরকারি জমি, খাল-বিল দখল করে ‘ল্যান্ড জিহাদ’ চলছে। ফলে আইন এনে এগুলি বন্ধ করা উচিত।”

    এরপরেই তাঁকে প্রশ্ন করা হয়, এটা কি হিন্দু রাষ্ট্রের প্রথম ধাপ? উত্তরে পঞ্চায়েত মন্ত্রী বলেন, “হিন্দু সমাজ আজ বিপন্ন। তাদের রক্ষাকবচ দরকার। দেশের একটা রক্ষাকবচ দরকার। বাংলাদেশ থেকে কোটি কোটি লোক ঢুকেছে। মানুষের জমি জায়গা সরকারি সুযোগ সুবিধা নিয়ে বসে আছে। এগুলি আর হতে দেওয়া যাবে না।”

    প্রসঙ্গত, শুক্রবার একই হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। তিনি জানিয়েছেন, ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর জোর করে ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর আইন চালু হবে বাংলায়। কঠিন আইন আনবে এই সরকার। 

    শুক্রবার রবীন্দ্র সদনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তী ও রাষ্ট্রগীত ‘বন্দে মাতরম’ এর ১৫০তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, “পশ্চিমবঙ্গেও আগামী দিনে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আসবে। সীমান্তবর্তী জেলাগুলিতে আমরা হোল্ডিং স্টেশন তৈরি করেছি। যারা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, রাষ্ট্রবাদ নষ্ট করার জন্য খোলা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গ প্রবেশ করে শুধু ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, ধর্ম পরিবর্তন এবং নানা ধরনের জিহাদি কাজের সঙ্গে যুক্ত হয়ে বাংলা তথা দেশকে দুর্বল করার চেষ্টা করেছে বা করছে তাঁদেরকে হোল্ডিং স্টেশনে রেখে সরাসরি তাদের যেখান থেকে এসেছিল সেখানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।”
  • Link to this news (আজকাল)