৩ দিন নিখোঁজ থাকার পর চরম পরিণতি! এনজেপিতে রেলকর্মীর বন্ধ ঘর থেকে উদ্ধার পচাগলা দেহ,
News18 বাংলা | ২৭ জুন ২০২৬
: প্রতিদিনের মতো কর্মব্যস্ত জীবনে হঠাৎ করেই ছন্দপতন। টানা কয়েকদিন ধরে অফিসে না আসায় সহকর্মীদের মনে তৈরি হয়েছিল উদ্বেগ। বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনও সাড়া না মেলায় শেষ পর্যন্ত সামনে আসে এক মর্মান্তিক ঘটনা। নিউ জলপাইগুড়ি এলাকায় নিজের বাড়ি থেকে উদ্ধার হল রেলকর্মী অরিন্দম রায় বর্মনের (৪৬) ঝুলন্ত দেহ। ঘটনায় রেল কর্মীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অরিন্দম রায় বর্মন নিউ জলপাইগুড়ি রেলওয়ের মেকানিক্যাল বিভাগে কর্মরত ছিলেন। মূলত কোচবিহারের বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি এনজেপি এলাকাতেই বসবাস করতেন। গত তিন থেকে চার দিন ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় দফতরের পক্ষ থেকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে তাঁর দাদা বাড়িতে পৌঁছন। সেখানে গিয়ে তিনি দেখতে পান, বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে এবং ঘরের ভিতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। কোনও অঘটনের আশঙ্কায় সঙ্গে সঙ্গে নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং অরিন্দম রায় বর্মনের ঝুলন্ত দেহ উদ্ধার করে।
দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনাটি আত্মহত্যার হতে পারে। তবে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালানো হচ্ছে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
পরিবার ও ঘনিষ্ঠ মহলের দাবি, অরিন্দম বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। কর্মজীবনের চাপ, ব্যক্তিগত পরিস্থিতি কিংবা অন্য কোনও কারণ এই ঘটনার নেপথ্যে রয়েছে কি না, তা জানার চেষ্টা করছে তদন্তকারী দল। এক নিষ্ঠাবান রেলকর্মীর এমন অকাল প্রয়াণে শোকস্তব্ধ সহকর্মী ও পরিচিত মহল। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))