বাংলায় বর্ষা প্রবেশ করার পর থেকে শহর কলকাতায় কমেছে গরম। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও টানা হাঁসফাঁস গরমের হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে। তবে ভাসছে উত্তরবঙ্গ। অবস্থা এমন যে ঘুরতে গিয়েও বিপাকে পড়তে হচ্ছে পর্যটকদের। ভারী বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক এলাকা। এমন পরিস্থিতিতে আগামী দু'দিন উত্তরবঙ্গের একাধিক জেলার জন্য ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে IMD। বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গেও। আজ কলকাতা-সহ কোন জেলায় আবহাওয়া কেমন? জেনে নেওয়া যাক।
কলকাতার আজকের আবহাওয়া
IMD-র দেওয়া পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি বা বজ্র-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি কম। এ সময়ে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ১০০ শতাংশ এবং সর্বনিম্ন ৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মোট ০.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। (শুক্রবার রাতের আপডেট অনুযায়ী)
দক্ষিণবঙ্গের জন্য আজকের আবহাওয়ার পূর্বাভাস
হাওয়া অফিসের রিপোর্ট বলছে, আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পাশাপাশি পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার এক বা দু'টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের জন্য আজকের আবহাওয়ার পূর্বাভাস
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। IMD-র পূর্বাভাস বলছে, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কয়েকটি জায়গায় অতি ভারী থেকে অতিভারী বৃষ্টি (৭-২০ সেমি) হতে পারে। পাশাপাশি এক বা দু'টি জায়গায় অতিভারী বৃষ্টির (২০ সেমির বেশি) সম্ভাবনাও রয়েছে। এই জায়গাগুলির জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়াও, দার্জিলিং ও কালিম্পং জেলার এক বা দু'টি জায়গায় অতি ভারী থেকে অতিভারী বৃষ্টি (৭-২০ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তর দিনাজপুর জেলার এক বা দু'টি জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। পাশাপাশি, উত্তরবঙ্গের সব জেলাতেই এক বা দু'টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।