• বেহাল রাস্তা পরিদর্শনে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের কড়া বার্তা
    দৈনিক স্টেটসম্যান | ২৭ জুন ২০২৬
  • সমাজমাধ্যমে স্থানীয় বাসিন্দার অভিনব প্রতিবাদের জেরে অবশেষে প্রশাসনের নজরে এল শিলিগুড়ির ডাবগ্রাম ২ গ্রাম পঞ্চায়েত এলাকার নরেশ মোড়ের দীর্ঘদিনের বেহাল রাস্তার সমস্যা। শুক্রবার রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতালী মালাকারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।

    ইস্টার্ন বাইপাসের আসিঘর মোড় থেকে নরেশ মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা দীর্ঘ তিন বছর ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। প্রতিদিন স্কুলবাস, টোটো ও অন্যান্য যানবাহন চলাচল করায় দুর্ঘটনার আশঙ্কা বেড়েই চলছিল। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনও স্থায়ী সমাধান মেলেনি। শেষ পর্যন্ত এক বাসিন্দা রাস্তার দুরবস্থা নিয়ে একটি গান তৈরি করে ফেসবুকে পোস্ট করলে বিষয়টি আলোচনায় আসে এবং প্রশাসন সক্রিয় হয়।

    এদিন পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশাপাশি নিকাশি ব্যবস্থা, জল জমা এবং আবর্জনা অপসারণের সমস্যার কথাও মন্ত্রীর সামনে তুলে ধরেন। সব অভিযোগ শুনে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

    পরিদর্শনের সময় এলাকায় অবৈধভাবে বালি বোঝাই ডাম্পারের চলাচল এবং তার জেরে ঘনঘন দুর্ঘটনার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন শঙ্কর ঘোষ। উপস্থিত পুলিশ আধিকারিকদের উদ্দেশে তিনি নির্দেশ দেন, অবৈধ যান চলাচলের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট জানান, একই সমস্যা নিয়ে তাঁকে যেন দ্বিতীয়বার এলাকায় আসতে না হয়।

    পর্যটনমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার কোনও ধরনের অনিয়ম বা বেআইনি কার্যকলাপকে প্রশ্রয় দেবে না। রাজনৈতিক পরিচয় দেখিয়ে কেউ আইন ভাঙলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশকেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

    মন্ত্রী জানান, ফুলবাড়ি এলাকার রাস্তাগুলির স্থায়ী সংস্কারের বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে আলোচনা হয়েছে। তবে বর্ষাকালে স্থায়ী রাস্তার কাজ করলে তা টেকসই হবে না। তাই আপাতত বিকল্প ট্রাফিক ব্যবস্থা ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করে যান চলাচল স্বাভাবিক রাখা হবে। বর্ষা শেষ হলে, পুজোর আগেই রাস্তার পূর্ণাঙ্গ সংস্কারের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

    প্রশাসনের এই আশ্বাসের পর দ্রুত সমস্যার সমাধানের প্রত্যাশায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)