• ইস্পাত কারখানা হচ্ছেই, উৎপাদন হয়তো ২০২৭-২৮ থেকে, জানালেন সৌরভ নিজেই
    দৈনিক স্টেটসম্যান | ২৭ জুন ২০২৬
  • স্পেনে গিয়ে যে ইস্পাত কারখানার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, তা যে হচ্ছেই, তা জানিয়ে দিলেন সৌরভ নিজেই। ২০২৭-এর শেষ দিকে বা ২০২৮-এর শুরু থেকে এই ইস্পাত কারখানায় উৎপাদন শুরু হওয়ার যথেষ্ট সম্ভাবনাও রয়েছে বলে তিনি জানান।

    সৌরভ তাঁর ইস্পাত কারখানার বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন, যা নিয়ে গত দু’বছর ধরে বাংলার মানুষের মনে জমে উঠেছে অনেক ক্ষোভ ও প্রশ্ন। ২০২৩-এর সেপ্টেম্বরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে গিয়ে সেখানে একটি অনুষ্ঠানে সৌরভ ঘোষণা করেছিলেন তিনি একটি বড় মাপের ইস্পাত কারখানা গড়তে চলেছেন এই রাজ্যে।

    কিন্তু আড়াই বছর কেটে গেলেও সেই কারখানা এখনও চালু করা সম্ভব হয়নি। তাই সমাজ মাধ্যমে এই নিয়ে তাঁকে অনেক কটাক্ষের শিকারও হতে হয়েছে। এ বার তাঁর সেই প্রকল্প নিয়ে ‘দৈনিক স্টেটসম্যানকে’ দেওয়া একান্ত সাক্ষাৎকারে সৌরভ অকপটে বলেছেন, ‘আমাদের ইস্পাত কারখানা একশো শতাংশ হচ্ছে। ২০০৭ থেকে আমাদের দুটো ইস্পাত কারখানা আছে, একটা আসানসোলে ও একটা পাটনায়। এটা হবে ঝাড়গ্রামে। এখনও ১৫-১৬ মাস লাগবে এই কারখানা তৈরির কাজ শেষ হতে। এটা তো একটা ইস্পাত কারখানা, দু-একদিনে তো তৈরি হওয়া সম্ভব না। যখন হবে, তখন সবাইকে জানাব’।

    ইতিমধ্যেই বাণিজ্যিক চুক্তির ভিত্তিতে একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে যে দুটি ইস্পাত কারখানা প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন সৌরভ, তাদের সঙ্গেই এই কারখানা গড়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই কারখানায় উৎপাদন শুরু হলে বহু মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান তিনি। বলেন, ‘অবশ্যই প্রচুর মানুষ চাকরি পাবে আমাদের এই প্রকল্পে। যে দুটি কারখানা আমাদের চলে, সেখানেও প্রায় বারো-তেরোশো কর্মী রয়েছেন। যে প্রকল্পটা হচ্ছে, সেটা সবচেয়ে বড় মাপের হতে চলেছে। আসানসোল ও পাটনায় যে কারখানাগুলো রয়েছে, তার তিন গুন বড় হতে চলেছে এই প্রকল্প।’

    কবে নাগাদ এই কারখানায় উৎপাদন শুরু হবে জানতে চাইলে, সৌরভ জানান, ‘সব কিছু ঠিকঠাক থাকলে, আশা করি, ২০২৭-এর শেষ দিক নাগাদ চালু হয়ে যাবে।’ এই নিয়ে এতদিন যারা তাঁকে সমাজ-মাধ্যমে অনেক কটাক্ষ করেছেন, তাদের উদ্দেশ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ বলেন, ‘মানুষের বোঝা উচিত যে এত বড় একটা প্রকল্প তৈরি হতে অনেক সময় লাগে। এর জন্য অনেক রকমের সরকারি ছাড়পত্র লাগে। দু-এক মাসের মধ্যে তৈরি হয় না। সে সব জোগাড় করতে অনেক সময় লাগে, তার পরে জিনিসটা একটা জায়গায় এসে দাঁড়ায়। আমাদের সেই সময়টা তো দিতে হবে। এ রকম একটা বড় প্রকল্পের ঘোষণা অযথা করতে যাব কেন?’

    সৌরভ গাঙ্গুলির এই আশ্বাসের পরে হয়তো তাঁর ইস্পাত কারখানা গড়ার প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করা বন্ধ হবে। তবে সাধারণ মানুষ, এমনকী তাঁর ভক্তরাও যে তাঁকে এই নিয়ে ভুল বুঝেছেন, সে জন্য হতাশ ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তী। বলেন, ‘সামাজিক মাধ্যমে এমন অনেক ভুল বোঝাবুঝি হয়। তবে কাউকে খোলাখুলি আক্রমণ করার আগে একটু বিবেচনা করা উচিত সবার। এই ব্যাপারে আরও একটু দায়িত্ববান হওয়া প্রয়োজন।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)