নয়াদিল্লি: এবার জেনিভায় দাঁড়িয়ে অনশনের ডাক দিলেন পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। লাদাখে শিক্ষার উন্নয়নের দাবিতে আগামী ২৮ জুন জেনিভার রালায়েস দেস নেশনসের সামনে তিনি অনশনে বসবেন বলে ঘোষণা করেছেন। জেনিভা সফররত ওয়াংচুক ওই এলাকাকে দিল্লির যন্তরমন্তরের সঙ্গে তুলনা করেন। ঐতিহাসিক ‘ব্রোকেন চেয়ার’ স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে তিনি এক ভিডিয়ো পোস্ট করেন। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ‘আমি এখন জেনিভা শহরের যন্তরমন্তরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এটা একেবারে রাষ্ট্রসঙ্ঘের সামনে। আর এখানে অবস্থানে কোনও বাধা নেই। আমার পিছনেই রয়েছে ব্রোকেন চেয়ার, যা অধিকার রক্ষার লড়াইয়ের প্রতীক।’ তিনি বলেন, এই দুই ইস্যু নিয়েই সরকারের কী ভূমিকা তা তিনি ২৭ জুন পর্যন্ত দেখবেন। দাবি পূরণ না হলে ২৮ জুন রাষ্ট্রসঙ্ঘের সামনে বসবেন অনশনে।
এদিকে দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ ষষ্ঠ দিনে পড়ল। নিট-ইউজি এবং সিবিএসই সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের বিরোধিতা করে অবস্থানে বসেছে সিজেপি। পরীক্ষা পদ্ধতিতে লাগাতার ব্যর্থতার দায়স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করেছেন সিজেপি সদস্যরা। নিটের পরীক্ষাপত্র ফাঁসের পর থেকে অন্তত ১৭ জন পরীক্ষার্থী আত্মঘাতী হয়েছেন।