চাপ দিয়ে পঞ্চায়েত দখলের চেষ্টা, অভিযুক্ত কংগ্রেস নেতা
বর্তমান | ২৭ জুন ২০২৬
সংবাদদাতা, গঙ্গারামপুর: হরিরামপুরের কংগ্রেস নেতা সোনা পালের বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েত দখলের চেষ্টার অভিযোগ তুলেছে বিজেপি। অভিযোগ, তাঁর নির্দেশে কংগ্রেস কর্মীরা সৈয়দপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মনোয়ারা বেগমকে প্রাণনাশ ও শ্লীলতাহানির হুমকি দিয়েছে। নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান মনোয়ারা। তাঁর অভিযোগ, সোনা পালের অনুগামীরা নিজেদের বিজেপি কর্মী পরিচয় দিয়ে পঞ্চায়েতের কাজকর্মে হস্তক্ষেপ করতে চাইছে। কোন কাজ হবে, কোনটি হবে না, সেবিষয়ে তাঁকে চাপ দেওয়া হচ্ছে। এমনকি প্রাণনাশ, শ্লীলতাহানির হুমকিও দেওয়া হয়েছে।
সূত্রের দাবি, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম এবং নির্দল সদস্যদের সমর্থনে মনোয়ারা প্রধান নির্বাচিত হন। এই পরিস্থিতিতে বোর্ডের স্থিতাবস্থা ভেঙে কংগ্রেস পুরো নিয়ন্ত্রণ নিতে চাইছে বলে অভিযোগ। বিজেপির হরিরামপুর ১ মণ্ডল সভাপতি কাশীনাথ সরকারের দাবি, বিজেপির নাম ভাঙিয়ে সোনা পাল, ব্লক কংগ্রেস সভাপতি সাজ্জাত হোসেন ও তাঁদের অনুগামীরা পঞ্চায়েত বোর্ড ভাঙার চেষ্টা করছেন। হরিরামপুরের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে একই কৌশলে কংগ্রেসের বোর্ড গঠনের চেষ্টা চলছে। যা বিজেপির ভাবমূর্তিকে নষ্ট করছে।
বিজেপির অভিযোগ, রাজ্যে পালাবদলের পর সোনা পাল বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে ডেপুটেশন দিয়ে রাজনৈতিকভাবে চাপে রাখার কৌশল নিয়েছেন। লক্ষ্য, তৃণমূল পরিচালিত বোর্ডগুলিকে অস্থির করে কংগ্রেসের জমি শক্ত করা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সোনা পাল। তাঁর দাবি, আমি ওই প্রধানকে চিনি না। কোনো ডেপুটেশনেও যাইনি। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
বিজেপির জেলা সাধারণ সম্পাদক দেবব্রত মজুমদার বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠাই বিজেপির লক্ষ্য। জোর করে কোনো বোর্ড দখলে আমরা বিশ্বাসী নই। কংগ্রেসের পরিচয়ে কিংবা বিজেপির নাম ভাঙিয়ে কেউ বেআইনি কাজ করলে তা বরদাস্ত করা হবে না।