• কেন্দ্রের বিশ্বকর্মা যোজনায় বাড়ছে গতি, পুরসভায় শুরু আবেদন যাচাইয়ের পর্ব
    বর্তমান | ২৭ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: তিন বছর আগে কারিগর ও হস্তশিল্পীদের আর্থিক সহায়তা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। সেই সময় বাংলার কারিগর ও হস্তশিল্পীরা অনলাইনে আবেদন করলেও প্রকল্পটি থমকে ছিল। এবার রাজ্যে সরকার বদলের পর ফের রাজ্যে চালু হল এই প্রকল্পের পোর্টাল। শুরু হয়েছে পুরানো আবেদনকারীদের ভেরিফিকেশনের কাজ। সেই সঙ্গে নতুন আবেদনও নেওয়া হচ্ছে। বিভিন্ন পুরসভা এলাকায় এই কাজ শুরু হয়েছে। 

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ করে নথি ও তথ্য যাচাই করা হচ্ছে। আবেদনকারীদের অনেকের পেশা, ব্যাংক অ্যাকাউন্ট বা অন্যান্য তথ্য বদলে যাওয়ায় নতুন করে যাচাইয়ের প্রয়োজন হয়ে পড়েছে। অনেকে আবার প্রকল্পের সুবিধা নিতে চাইছেন না। ফলে, ভেরিফিকেশন প্রক্রিয়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, ১৮টি পেশার কারিগর ও হস্তশিল্পীদের জন্য ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু হয়েছিল। ছুতোর, কর্মকার, স্বর্ণকার, নাপিত, পুতুলশিল্পী সহ বিভিন্ন পেশার মানুষ এই প্রকল্পের আওতায় আসতে পারেন। এই প্রকল্পে শুধু ঋণ নয়, দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে। সূত্রের খবর, ভেরিফিকেশনের পর আবেদনকারীদের প্রথমে পাঁচ থেকে সাতদিন প্রাথমিক পর্বের প্রশিক্ষণ ও পরে ১৫ দিনের জন্য আরও উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন ভাতা মিলবে। প্রশিক্ষণ শেষে দেওয়া হবে আর্টিসান কার্ড ও একটি টুল কিট। প্রথম পর্যায়ে এক লক্ষ টাকা এবং তা পরিশোধের পরে দ্বিতীয় পর্যায়ে দু’লক্ষ টাকা ঋণের সুবিধা পাবেন তাঁরা। ঋণের সুদের উপর কিছুটা ভর্তুকি দেবে কেন্দ্র।

    মধ্যমগ্রাম পুরসভার নগর জীবিকা মিশনের সিটি মিশন ম্যানেজার প্রদীপ্ত দুবে বলেন, আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করে ভেরিফিকেশন করা হচ্ছে। যাচাইয়ের কাজ সম্পূর্ণ হলে প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যায়ক্রমে প্রকল্পের সুবিধা পাবেন শিল্পীরা।
  • Link to this news (বর্তমান)