১১ বছরের শিশুকে উল্টো ঝুলিয়ে অত্যাচার, পলাতক অভিযুক্ত
বর্তমান | ২৭ জুন ২০২৬
সংবাদদাতা, বারুইপুর: ১১ বছরের এক স্কুল পড়ুয়ার উপর নির্মম অত্যাচার চালানোর অভিযোগ উঠল। এ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারধর করা হচ্ছে ছাত্রটিকে। ঘটনাটি ঘটেছে জয়নগরের ধোষা-চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পড়ুয়ার মা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত পলাতক। বর্তমান ভিডিওটির সত্যতা যাচাই করেনি।
জানা গিয়েছে, কয়েকদিন আগে কয়েকটি শিশুর সঙ্গে খেলছিল পঞ্চম শ্রেণির ছাত্রটি। তখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তপন হালদার নামে এক ব্যক্তি। ছাত্রটির হাতে থাকা একটি লাঠি কোনোভাবে ছিটকে তপনবাবুর গায়ে লাগে। অভিযোগ, আঘাত পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন তপন। ছাত্রটির চুলের মুঠি ধরে টেনে নিজের বাড়ি নিয়ে যান। তারপর বেঁধে উল্টো করে ঝুলিয়ে অত্যাচার করেন। ঘটনাটির ভিডিও রেকর্ডিং হয়। মারধরের কথা কাউকে না জানানোর শাসানি দিয়ে শিশুটিকে ছেড়ে দেন তপন। তবে মারধরের ফলে ছাত্রটির গায়ে কালশিটে দাগ ফুটে ওঠে। তার মা তা দেখতে পান। তারপর জিজ্ঞেস করায় শিশুটি অত্যাচারের ঘটনার কথা জানায়। অন্যদিকে ভিডিওটি যায় ভাইরাল হয়ে। তারপর শোরগোল পড়ে যায় এলাকায়। তপনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন আক্রান্তের মা। তপনের ভাই সনাতন হালদার বলেন, ‘মদ্যপ অবস্থায় দাদা এই কাজ করে ফেলেছেন। ভুল করে থাকলে তাঁর শাস্তি হওয়া উচিত।’ পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।