ধর্মতলায় সভার প্রস্তুতি মমতার, ‘মণীশ গুপ্ত ফাইল’ খোলার দাবি হাত শিবিরের
বর্তমান | ২৭ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২১ জুলাই রাজনৈতিক শক্তি পরীক্ষা কংগ্রেস ও তৃণমূলের। প্রতিবছরের মতো এবারো ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার প্রস্তুতি নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল। জোড়াফুল শিবির যখন দু-ভাগে বিভক্ত, তখন প্রশ্ন উঠেছে, মমতার বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে আদৌ কত লোকের জমায়েত হতে পারে। বৃহস্পতিবার উত্তর কলকাতায় সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পাঁচ কর্মী থাকলেও ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা হবে। আশা করি, পুলিশ-প্রশাসন সভা করার অনুমতি দেবে।
২১ জুলাইকে সামনে রেখে কর্মীদের নিয়ে বৈঠক শুরু করে দিয়েছেন তৃণমূল নেতারা। উত্তর কলকাতা তৃণমূল সভাপতি কুণাল ঘোষ রামমোহন হলে একটি প্রস্তুতি সভা সেরে ফেলেছেন। দক্ষিণ কলকাতার তৃণমূল সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায় আগামী ১ জুলাই মহারাষ্ট্র নিবাস হলে একটি বৈঠক ডেকেছেন। শহরতলি, জেলাতেও একাধিক বৈঠক হচ্ছে। মমতাপন্থী তৃণমূল নেতাদের দাবি, কয়েকজন নেতা দল বদলালেও কর্মীরা দলের পাশেই আছেন।
অন্যদিকে, কলকাতার শহিদ মিনার প্রাঙ্গণে ২১ জুলাই সভা করার কর্মসূচি নিয়েছে প্রদেশ কংগ্রেস। ‘মনীশ গুপ্ত ফাইল’ প্রকাশের দাবি জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। এই উপলক্ষ্যে কর্মসূচির পোস্টারও উন্মোচন করা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ২১ জুলাই ১৯৯৩-এ যুব কংগ্রেসের মিছিলে পুলিশের গুলি চালনার ঘটনা ঘটেছিল। সেইসময় পশ্চিমবঙ্গের তৎকালীন স্বরাষ্ট্রসচিব মনীশ গুপ্ত প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ওই দিনের ঘটনাপ্রবাহ, প্রশাসনিক সিদ্ধান্ত এবং গুলিচালনার পিছনের প্রকৃত সত্য জানার অধিকার পশ্চিমবঙ্গের মানুষের রয়েছে। তাই সম্পূর্ণ স্বচ্ছতার স্বার্থে এবং সত্য উদঘাটনের উদ্দেশ্যে ‘মনীশ গুপ্ত ফাইল’ অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করতে হবে। পাশাপাশি কংগ্রেসের সাংগঠনিক পর্যালোচনার জন্য সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল আগামী ২৯ ও ৩০ জুন কলকাতা সফরে আসছেন। একইসঙ্গে দেশব্যাপী ছাত্র আন্দোলনে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ শীর্ষক কর্মসূচি নিয়েছে কংগ্রেস।