ল্যান্ড-লাভ-ধর্ম জিহাদ রুখতে কড়া আইন আসছে রাজ্যে: শুভেন্দু
বর্তমান | ২৭ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ ও বলপূর্বক ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে কড়া আইন আসতে চলেছে রাজ্যে। শুক্রবার রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন রবীন্দ্র সদনে সিটিজেনস এমপাওয়ারমেন্ট ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, অনুপ্রবেশকারীরা অসুরক্ষিত সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছিল। রাজ্যে নবগঠিত রাষ্ট্রবাদী সরকার জাতীয় সুরক্ষায় সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তর শুরু করেছে। পাশাপাশি, হোল্ডিং সেন্টারের মাধ্যমে এই অবৈধ অনুপ্রবেশকারীরা যেখান থেকে এসেছিল তাদের সেখানেই পাঠানোর ব্যবস্থা করছি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই অনুপ্রবেশকারীরা বাংলায় লাভ-ল্যান্ড-ধর্মীয় জিহাদ করেছিল। পশ্চিমবঙ্গে লাভ জিহাদ-ল্যান্ড জিহাদ-বলপূর্বক ধর্ম পরিবর্তন রুখতে কড়া আইন আনবে রাজ্য।