• ফের শহরে আসছে মাটি, দু’মাস বন্ধ থাকার পর ভাঁড় তৈরির কাজ আরম্ভ
    বর্তমান | ২৭ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে মাটি আসা শুরু হতেই বন্ধ থাকা ভাঁড় তৈরির ভাঁটির কাজ জোরকদমে শুরু হল। মাটির অভাবে প্রায় দু’মাসের উপর ভাঁড় সহ মাটির অন্যান্য সামগ্রী তৈরি বন্ধ হয়ে ছিল। এই শিল্পের সঙ্গে যুক্ত কয়েক হাজার মানুষের রুটি‑রোজগারে টান পড়ায় পরিস্থিতি সঙ্গিন আকার নিয়েছিল। 

    প্রশাসনিক জট কাটিয়ে অবশেষে মাটি আসায় শুরু হল ভাঁড় তৈরি। শুক্রবার উল্টোডাঙার কাছে কবিরাজ বাগানের হরিশ নিয়োগী রোড এলাকায় একটি ভাটিতে গিয়ে দেখা গিয়েছে সেখানে বন্ধ হয়ে পড়ে থাকা ভাটিতে আগুন জ্বালানো হয়েছে। চলছে মাটির ভাঁড় পোড়ানোর কাজকর্ম। শম্ভু প্রজাপতি নামে এক ব্যক্তি জানান, ভাটিতে ১২ জনের মতো কর্মী কাজ করেন। মাটির অভাবে সমস্ত কাজ বন্ধ ছিল। তাঁদের তৈরি সামগ্রী বাংলা ছাড়িয়ে দক্ষিণ ভারতের বিভিন্ন প্রান্তে যায়। দক্ষিণ ২৪ পরগনার ডায়মণ্ডহারবার, ক্যানিং প্রভৃতি এলাকা থেকে মাটি আসে। কিন্তু তা না আসায় সমস্যা হচ্ছিল। কাজকর্ম বন্ধ ছিল। এখন অল্প অল্প করে আসা শুরু করেছে। কাঁকুরগাছি রোডে ভাঁড়পট্টি এলাকায় এই শিল্পের সঙ্গে যুক্ত প্রায় ৫০ পরিবার। সেখানকার মানুষ বলেন, সবে মাটি আসা শুরু হয়েছে। আশা করা যায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। ভাঁড় তৈরি করতে করতে শিল্পী হাজারিলাল কুম্ভকার বলেন, ‘মাটির অভাবে কাজকর্ম একেবারে শিকেয় উঠেছিল। আর কিছুদিন চললে আমাদের অবস্থা সঙ্গিন হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল।’

    চন্দশেখর প্রজাপতি বলেন, ‘মাটির অভাবে কাজকর্ম বন্ধ থাকার ফলে সংসার কীভাবে চলবে সে চিন্তায় আমরা অস্থির হয়ে উঠেছিলাম।’ রামকিত প্রজাপতি, চম্পাদেবী সহ অন্যান্য কয়েকজন শিল্পী বলেন, ‘মাটির অভাবে ভাঁড় তৈরি না হওয়ার কারণে পাইকারি ও খুচরো ব্যবসায়ীরা পড়েন সমস্যায়। বহু ব্যবসায়ী ভাঁড়পট্টিতে এসে খোঁজ নিতে শুরু করেন কবে পরিস্থিতি স্বাভাবিক হবে?’ ওয়েস্ট বেঙ্গল আর্থ পট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভাঁড় সংকট নিয়ে দীর্ঘ আন্দোলন করে। সংগঠনের সভাপতি মোহনলাল প্রজাপতি বলেন, ‘শেষপর্যন্ত মাটি নিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আমরা খুশি। মুখ্যমন্ত্রীর দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। তিনি আমাদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখায় আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।’  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)