• ডেম্বেলের হ্যাটট্রিকে জয়ী ফ্রান্স, বড়ো ব্যবধানে জিতল সেনেগালও
    বর্তমান | ২৭ জুন ২০২৬
  • ফ্রান্স-৪ : নরওয়ে -১
    সেনেগাল-৫ : ইরাক-০

    বোস্টন: কিলিয়ান এমবাপে বনাম আর্লিং হাল্যান্ড হিসেবেই চিহ্নিত হচ্ছিল শুক্রবার রাতের দ্বৈরথ। কিন্তু দুরন্ত হ্যাটট্রিকে প্রচারের আলো কেড়ে নিলেন ওসুমানে ডেম্বেলে। আর তা ঘটল প্রথমার্ধেই, মাত্র ৩২ মিনিটের মধ্যে। এমবাপেকে ছাপিয়ে তিনিই এদিন ফ্রান্সের নায়ক। তাঁর সৌজন্যেই গ্রুপ ‘আই’তে নরওয়েকে ৪-১ ব্যবধানে হারাল ফ্রান্স। অর্থাত্, গ্রুপ টপার হয়েই পরের পর্বে খেলার ছাড়পত্র পেল ফরাসিরা। দ্বিতীয় স্থানে থেকে নক-আউটে নরওয়ে।

    এমনিতে ফ্রান্স দলে প্রচার, প্রভাব, গুরুত্বে এমবাপেই সব। সেখানে ডেম্বেলে অনেকটাই উপেক্ষিত। এই হ্যাটট্রিক সেজন্যই সবকিছুর জবাব। চলতি আসরে তিন ম্যাচে ৪ গোল হয়ে গেল ডেম্বেলের। গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে প্রবলভাবেই লড়াইয়ে তিনি। নরওয়ে আবার প্রথম এগারোর ১০টি পরিবর্তন করেছিল। ক্যাপ্টেন মার্টিন ওডেগার্ড থেকে শুরু করে হালান্ডের মতো তারকা— সবাইকেই রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখেন কোচ সলবাক্কেন। তাই এই ম্যাচে এমবাপের গোলের দেখা না পাওয়াটা লজ্জা। নরওয়ের হয়ে ব্যবধান কমান অ্যাসাগার্ড। পেনাল্টিতে গোল করতে যদিও ব্যর্থ হন লারসেন। উলটোদিকে, সংযোজিত সময়ে ফ্রান্সের ব্যবধান বাড়ান ডিসেরে ডুয়ে।

    অন্য ম্যাচে, টরন্টোয় ইরাককে ৫-০ ব্যবধানে হারাল সেনেগাল। জোড়া গোল পাপে গুইয়ের। এছাড়া গোল করেন ডিয়ারা, সার ও লিম্যান। তবে ১৩ মিনিটে লাল কার্ড দেখেন ইরাকের সুলাকা। এই জয়ের সুবাদে পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে রইল সেনেগালও।
  • Link to this news (বর্তমান)