• শঙ্করের হুঁশিয়ারির পরেই জালে উত্তম, ভাইরাল গানের টানে রাস্তা পরিদর্শনে মন্ত্রী
    এই সময় | ২৭ জুন ২০২৬
  • এই সময়, শিলিগুড়ি: 'ও শঙ্কর দাদা গো, রাস্তাঘাটের হাল ফিরাইয়া দাও'। ভাইরাল হয়ে গিয়েছিল এই গান। পৌঁছে গিয়েছিল মন্ত্রীর কানেও। সেই গানের টানে বেহাল রাস্তার হাল দেখতে পৌঁছে গেলেন শঙ্কর ঘোষ। রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়ার পরে তাঁর কাছে বালি মাফিয়াদের দৌরাত্ম্যের অভিযোগ জানান সাধারণ মানুষ। পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে বলেন মন্ত্রী। তাঁর হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যে অন্যতম অভিযুক্ত উত্তম বারুইকে গ্রেপ্তার করেছে পুলিশ।এই সময়, শিলিগুড়ি: 'ও শঙ্কর দাদা গো, রাস্তাঘাটের হাল ফিরাইয়া দাও'।

    দিন কয়েক আগে সামাজিক মাধ্যমে গায়িকা বীণাপাণি শিল্পীর একটি গান ভাইরাল হয়। স্থানীয়দের দাবি, এই গানে আশিঘরের নরেশ মোড়ে রাস্তার দুরবস্থার কথা তুলে ধরা হয়েছিল। সেই গানের লিঙ্ক মন্ত্রীর

    কাছেও পৌঁছে যায়। শুক্রবার কলকাতা থেকে ফিরে শঙ্কর এই এলাকায় পৌঁছে যান। ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতের অধীন এলাকাটি। রাস্তা পরিদর্শনের পরে শঙ্কর বলেন, 'কেউ এক জন রাস্তার সমস্যা তুলে ধরে গান গেয়েছেন। ভালোই হয়েছে সেই গান আমার কাছে এসে পৌঁছেছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। এটি ছাড়াও মাটিগাড়ার অন্য একটি রাস্তা দ্রুত সংস্কার করা হবে। এখন বর্ষার মরশুম, এই সময় রাস্তা সারাই হলে সেটা কম টেকসই হতে পারে। বিশেষজ্ঞদের সঙ্গে সঙ্গে কথা বলে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।'

    রাস্তা দেখার পরে পর্যটনমন্ত্রী ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যান। সেখানে পঞ্চায়েত প্রধান বিজেপির মিতালি মালাকারের সঙ্গে কথা বলেন। বৈঠক শেষে বাইরে বেরিয়ে আসতেই স্থানীয় বাসিন্দারা এলাকার বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ জানাতে শুরু করেন। অভিযোগ শুনেই পাশে থাকা পুলিশ আধিকারিকদের উদ্দেশে কড়া সুরে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। পুলিশ 'দেখে নেওয়ার' কথা বলায় মন্ত্রীর মন্তব্য, 'শুধু দেখে নেবেন না। আমাকে যেন সেকেন্ড টাইম না আসতে হয়। আমি যদি সেকেন্ড টাইম আসি, সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে না। এটা আমি বলে গেলাম।'

    ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় বালি ও ও জমি মাফিয়াদের দৌরাত্ম্য নতুন নয়। এক সময়ে রাজনৈতিক ক্ষমতার জোরে মাফিয়ারা এলাকায় দাপিয়ে বেড়াত। এখনও আড়ালে তাদের কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ। বিজেপি যুব মোর্চার শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি সৌরভ সরকার আগেই এ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন শঙ্করকে। উত্তমের বারুইয়ের নামেই তিনি সরাসরি অভিযোগ জানান।

    এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বার এই এলাকার মাফিয়াদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবুও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি বলে স্থানীয়দের দাবি। শঙ্কর বলেন, 'আগে যা হওয়ার হয়ে গিয়েছে। সেই সময়ে চাপের মুখে পড়ে প্রশাসনের আধিকারিকরাও সে ভাবে ব্যবস্থা গ্রহণ করেননি। কিন্তু এখন আর সে সব চলবে না।' মন্ত্রীর এই কড়া মন্তব্যের পরেই ধরা হয় উত্তমকে।

  • Link to this news (এই সময়)