কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলার গ্রেপ্তার। ১০৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পুরপ্রতিনিধি তারকেশ্বর চক্রবর্তীকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে প্রতারণা, নথি-জালিয়াতি, হুমকি দেওয়া-সহ একাধিক অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করে সার্ভে পার্ক থানার পুলিশ।
বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরেই একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে আসছে। গ্রেপ্তার হয়েছেন কলকাতার একাধিক কাউন্সিলার। কলকাতার ৬৩ নম্বর ওয়ার্ডের সুস্মিতা ভট্টাচার্য, ৫৬ নম্বর ওয়ার্ডের স্বপন সমাদ্দার, ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত-সহ একাধিক কাউন্সিলার গ্রেপ্তার হয়েছেন।
কলকাতা পুরসভা কাউন্সিলার তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের হয়েছে সার্ভে পার্ক থানায়। ভয় দেখানো, চুরি, নথি জালিয়াতি-সহ এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একাধিক অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাত প্রায় ১২টা নাগাদ তারকেশ্বরের গ্রেপ্তার করা হয়।