• পুরসভাকে না জানিয়ে কংক্রিটের পিলারের বদলে লোহার পোস্ট!
    এই সময় | ২৭ জুন ২০২৬
  • তারাতলায় গোডাউন ভেঙে পড়ার ঘটনায় পুলিশি তদন্তের পাশাপাশি কলকাতা পুরসভাও আলাদা করে তদন্তে নেমেছে। ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য, যা দেখে বিস্মিত হচ্ছেন অনেকেই।

    পুরসভা সূত্রের খবর, তারাতলায় গোডাউন নির্মাণের জন্য পুরসভার কাছে যে বিল্ডিং প্ল্যান জমা পড়েছিল, তাতে বলা হয়েছিল, গোডাউন নির্মাণের জন্য ‘সলিড’ পিলার ব‍্যবহার হবে। তার উপরেই দাঁড়িয়ে থাকবে পুরো কাঠামো। পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন, সলিড বলতে সাধারণত কংক্রিট অথবা ইটের থামকেই বোঝায়। ঠিক যে ভাবে কলকাতায় বাড়ি-ঘর তৈরি হয়। কাগজে কলমে সলিড পিলারের উল্লেখ থাকলেও তারাতলায় যে নির্মীয়মাণ গোডাউন ভেঙে এতজন মানুষের মৃত্যু হয়েছে, সেখানে কংক্রিট অথবা ইটের গাঁথনির বদলে লোহার পোস্ট দিয়ে স্ট্রাকচার তৈরি হচ্ছিল। দুর্ঘটনার আগে পর্যন্ত পুরসভার কোনও অফিসার এ ব্যাপারে কিছুই জানতেন না।

    প্রশ্ন উঠছে, গোডাউনের খাঁচা তৈরির জন্য যে লোহার পোস্ট ও বিম ব‍্যবহার করা হয়েছিল, তার গুণগত মান ঠিক ছিল কি না? পুরসভার ইঞ্জিনিয়ারদের সন্দেহ, খরচ বাঁচাতে হয়তো নিম্নমানের লোহা কেনা হয়েছিল, সেই কারণেই ভার বহন করতে না পেরে সেগুলো ধনুকের মতো বেঁকে গিয়েছে।

    পুরসভার টাউন প্ল্যানিং বিভাগের প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার দীপঙ্কর সিংহের ব‍্যাখ‍্যা, ‘এই ধরনের কাঠামো একটা ব‍্যালান্সের উপরে দাঁড়িয়ে থাকে। কোনও একটি জায়গা দুর্বল হলেই নাটবল্টুগুলো খুলতে শুরু হয়। হয়তো সেই কারণেই ভেঙে পড়ার আগে দুলুনি শুরু হয়েছিল। তারপরে সেটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।’

  • Link to this news (এই সময়)