• ৫১টি আইটিআই কলেজকে তুলে দেওয়া হচ্ছে বেসরকারি হাতে!
    আজকাল | ২৭ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের নতুন সরকারে উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা মন্ত্রকের দায়িত্ব পেয়েই বড় ঘোষণা করেছিলেন জগন্নাথ চ্যাটার্জী। চলতি মাসেই রাজ্যের ৫১টি সরকারি আইটিআই প্রতিষ্ঠানকে আধুনিকীকরণের কথা ঘোষণা করেছিলেন তিনি। এ বার ওই ৫১টি আইটিআই কলেজকে বেসরকারি বাণিজ্যিক গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হবে বলে জানালেন মন্ত্রী। শুক্রবার কলকাতার বেঙ্গল চেম্বার অফ কমার্সে পঞ্চম বিশ্ব এমএসএমই দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন তিনি।

    এ দিনের রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ এবং উন্নতি এক রূপরেখা তুলে ধরেন জগন্নাথ। সেখানে তাঁর বক্তৃতায় উঠে আসে যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির জন্য 'স্কিল ডেভেলপমেন্ট' এবং প্রধানমন্ত্রীর 'সেতু যোজনা'র কথা। সেখানে আইটিআই প্রতিষ্ঠানগুলির আধুনিকীকরণ নিয়ে মন্ত্রী জানান, যাতে অনেক বেশি পুঁজি বিনিয়োগের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো দ্রুত উন্নত করা যায়। তা-ই নতুন সরকারের লক্ষ্য।

    জগন্নাথ বলেন, "রাজ্যের ৫১টি সরকারি আইটিআই কলেজকে এবার বেসরকারি বাণিজ্যিক গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হবে। যাতে অনেক বেশি পুঁজি বিনিয়োগের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো উন্নত করা যায়।" তিনি আরও জানান, দেশের অন্য রাজ্যগুলির মতোই এ রাজ্যে বিভিন্ন বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করা হবে। পশ্চিমবঙ্গে টাটা-র মতো প্রথম সারির কর্পোরেট সংস্থাগুলির সঙ্গে যৌথ উদ্যোগে এই কলেজগুলি পরিচালনার দায়িত্বভার থাকবে।

    শিল্পপতিদের উদ্দেশে এ দিন জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, "সরকার নিজের দায়িত্ব সম্পূর্ণ পালন করবে। তবে আমরা বেঙ্গল চেম্বার এবং অন্যান্য বণিক সভা ও শিল্পপতিদের কাছে অনুরোধ রাখব, আপনারা এগিয়ে আসুন। এই রাজ্যে আরও বেশি করে বিনিয়োগ করুন। আমরা সবাই মিলে যৌথভাবে এ রাজ্যে বাণিজ্যের একটি সুস্থ পরিবেশ বা ইকোসিস্টেম গড়ে তুলব।"

    তিনি বলেন, "আমাদের এই সরকারটি এখনও মায়ের গর্ভে থাকা একটি শিশুর মতো। যা ধীরে ধীরে নিজের হাত-পা নাড়াতে শুরু করেছে। আমরা সবেমাত্র কাজ শুরু করেছি, তবে খুব শীঘ্রই আমরা জোরালো পদক্ষেপ করতে পারব।" বিগত বাম ও তৃণমূল জমানাকে এ দিন এক হাত নেন তিনি। তাদের একাসনে বসিয়ে তীব্র আক্রমণ শানিয়ে উচ্চশিক্ষামন্ত্রী বলেন, "বিগত ৪৯ বছর ধরে এই রাজ্যটি যেন এক সম্পূর্ণ ভিন্ন মানসিকতায় চলেছে। এই দীর্ঘ সময়ে আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থাকে চরম অবহেলা এবং বঞ্চনার শিকার হতে হয়েছে। যার ফলে সামগ্রিক শিক্ষাব্যবস্থা আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে।
  • Link to this news (আজকাল)